সংবাদদাতা, রামপুরহাট: মুরারই লাগোয়া ঝাড়খণ্ডের মহেশপুরে অটোর ধাক্কায় মৃত্যু হল এক নাবালক সহ তিনজনের। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সাজির শেখ(২২), সাদ্দাম শেখ(২২) ও আজিম শেখ (১৬)। প্রথম দু’জনের বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুর থানার ছিলিমপুর গ্রামে। অপরজন মহেশপুরের পলশা গ্রামের বাসিন্দা ছিল। সাজির ও সাদ্দাম অটো ও বাইকের মেকানিক ছিলেন। আজিম রাজমিস্ত্রির শ্রমিকের কাজ করত। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তাঁরা একটি বাইকে চেপে মহেশপুরের শহরগাঁ গ্রামের পীরপাহাড়ী মেলায় যাচ্ছিলেন। বাইক চালাচ্ছিলেন সাজির। তাঁর দাদা আরজু শেখ বলেন, শহরগাঁ ঢোকার আগে চন্দরপুর গ্রামের কাছে একটি যাত্রীবোঝাই অটো পিছন থেকে বাইকটিকে সজোরে ধাক্কা মারে। তিন বাইক আরোহী রাস্তার এদিকে ওদিকে ছিটকে পড়ে। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে মহেশপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সাদ্দাম ও আজিমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পরে আশঙ্কাজনক অবস্থায় ভাইকে রামপুরহাট মেডিক্যালে নিয়ে আসি। কিন্তু বাঁচানো গেল না। গভীর রাতে তাঁর মৃত্যু হয়। তিনি বলেন, সাতমাস আগে ধূমধাম করে ভাইয়ের বিয়ের দিয়েছিলাম। সব শেষ হয়ে গেল।



