Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুরারইয়ে গাড়ির ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

মুরারইয়ে গাড়ির ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: মুরারইয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই বন্ধুর। পুলিস জানিয়েছে, মৃতরা হলেন ইজাজ হোসেন (১৯) ও মহম্মদ আরিফ (২৩)। দু’জনেরই বাড়ি মুরারই থানার গুসকিরা গ্রামে। দু’জনেই দিনমজুর ছিলেন। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে দুই বন্ধু মিলে মুরারই বাজারে গিয়েছিলেন। রাতে মুরারই-গুসকিরা রাস্তা ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন। মুরারই পেট্রল পাম্পের কাছে পিছন থেকে আসা একটি গাড়ি তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম হন দুই যুবক। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে মুরারই ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক ইজাজকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় আরিফের। ঘটনায় দুই পরিবার সহ গ্রামে শোকের ছায়া নেমে আসে। 
Advertisement
গ্রামের পঞ্চায়েত সদস্য আব্দুল আজিম বলেন, দু’জনেই দুঃস্থ পরিবারের। তাঁরা পরিবারের একমাত্র ছেলে ছিল। আমরা দুই পরিবারের পাশে রয়েছি। বুধবার রামপুরহাট মেডিক্যালে ময়নাতদন্তের পর দেহ দু’টি গ্রামে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। প্রচুর মানুষ সেখানে ভিড় জমান।
সম্পর্কিত সংবাদ