সংবাদদাতা, রামপুরহাট: সোমবার মুরারই ১ ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠী ও মাটির সৃষ্টি প্রকল্পের সঙ্গে যুক্ত ২৮৩ জন বেনিফিসিয়ারির হাতে ২৮ দিনের ১০টি করে উন্নত প্রজাতির মুরগিছানা বিলি করা হল। ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক অচিন্ত্য মহান্তি বলেন, স্বনির্ভরতার লক্ষ্যেই এই উদ্যোগ। মুরগিগুলি প্রতিপালন করে উপভোক্তারা আয় করতে পারবেন। এদিন উপভোক্তাদের মুরগি প্রতিপালন সম্পর্কে প্রশিক্ষণও দেওয়া হয়। বলা হয়, দশদিন এই বাচ্চাগুলিকে ছাড়া যাবে না। এখনই তাঁরা নোংরা পোকামাকড় খেলে রোগে আক্রান্ত হতে পারে। প্রশাসনের সহয়তায় স্বনির্ভরতার দিশা পেয়ে খুশি উপভোক্তরা।



