নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে শহর শিলিগুড়ি। রাতে তো বটেই, এমনকী দিনেদুপুরেও সুরক্ষিত নয় এই শহর, এমনই অভিযোগ করছেন বাসিন্দাদের একাংশ। মঙ্গলবার সকালে খোদ শহরের মেয়রের ওয়ার্ডে বাড়িতে ঢুকে মহিলার গলার সোনার হার ছিনতাই করে পালাল এক দুষ্কৃতী। এদিন সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডের লেকটাউনের মহাশক্তি কালীবাড়ি এলাকাতে।
Advertisement
এলাকার বাসিন্দা বেলারানি দে এদিন সকাল ৬টা নাগাদ শৌচাগারে ঢুকে স্নান করছিলেন। সেই সময়ে শৌচাগারের দরজা হালকা করে লাগানো ছিল। বয়স্ক ওই মহিলা শারীরিক একাধিক সমস্যার জন্য দরজা পুরো বন্ধ করেন না। ঠিক সেই সময়ে এক দুষ্কৃতী তাঁর গলা থেকে সোনার হার নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। মহিলার দাবি, ওই দুষ্কৃতী গলার হার ছিনতাই করে বাড়ির প্রাচীর টপকে পালিয়ে যায়। ঘটনার আকষ্মিকতায় সামান্য হতবাক হয়ে যান তিনি। সম্বিত ফিরে পেয়ে তিনি পিছনে তাড়া করেও লাভ হয়নি। বেলারানি দে বলেন, মাথা ঢাকা একটি ঠান্ডার পোশাক পড়ে এসেছিল ওই দুষ্কৃতী। মাথায় টুপি ছিল। মুখে মাস্ক। আচমকা শৌচাগারের দরজা খুলে যেভাবে আমার গলার হার নিয়ে পালাল তাতে চিন্তায় রয়েছি। বিষয়টি নিয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিসের দারস্থ হয়েছেন ওই মহিলা ও তাঁর পরিবার। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।



