Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মর্মান্তিক! মাতৃদুগ্ধ খেতে গিয়ে শ্বাসনালীতে আটকে মৃত্যু শিশুর

মর্মান্তিক! মাতৃদুগ্ধ খেতে গিয়ে শ্বাসনালীতে আটকে মৃত্যু শিশুর
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মর্মান্তিক! মাতৃদুগ্ধ খেতে গিয়ে শ্বাসনালীতে আটকে তিনমাসের শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির জল্পেশ মোড় এলাকায়। শুক্রবার মৃত শিশুটির দেহের ময়নাতদন্ত হয় জলপাইগুড়ি মেডিক্যালে। ঘটনার জেরে শোকে পাথর গোটা পরিবার।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, শিশুটি বৃহস্পতিবার সন্ধ্যাতেও ঠিক ছিল। বাড়ির সবাই তাকে আদর করেছে। রাতে খাওয়াদাওয়া সেরে বিছানায় শুয়ে শিশুটিকে দুধ খাওয়াচ্ছিলেন তার মা। পাশেই শুয়েছিল ওই মহিলার বছর পাঁচেকের ছেলে। মেয়েকে দুধ খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়েন শিশুটির মা। রাত এগারোটা নাগাদ তাঁর স্বামী বাড়িতে ফেরেন। দরজায় নক করার আওয়াজ পেয়ে স্ত্রীর ঘুম ভেঙে যায়। তিনি উঠে দরজা খুলে দেন। তখনও তিনি কিছু বুঝতে পারেননি। এরপর শিশুটির বাবা ঘরে ঢুকে মেয়েকে আদর করতে গিয়ে দেখেন, মেয়ে নড়াচড়া করছে না। সঙ্গে সঙ্গে তিনি তাঁর মাকে ডাকেন। শিশুটির ঠাকুমা এসে সর্ষের তেল দিয়ে একরত্তির হাত-পায়ের তলায় মালিশ করতে থাকেন। তাতেও শিশুটি সাড়া না দেওয়ায় দ্রুত ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
এদিন জলপাইগুড়ি মেডিক্যালের মর্গে দেহ নিতে এসেছিলেন শিশুটির জেঠু পেশায় গাড়িচালক মিন্টু রায়। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসক জিজ্ঞাসা করেছিলেন, বালিশ কিংবা কোনও কাঁথা-কাপড় নাকে চাপা পড়েছিল কি না। কিন্তু তেমন কোনও ঘটনা ঘটেনি। এতেই চিকিৎসকদের প্রাথমিক অনুমান, মাতৃদুগ্ধ খেতে গিয়েই শ্বাসনালীতে আটকে মৃত্যু হয়েছে শিশুটির। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিস জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নামা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে।
মৃত ওই শিশুটির বাবা ময়নাগুড়িতে একটি মিষ্টির দোকানে কাজ করেন। স্ত্রী গৃহবধূ। কন্যাসন্তানকে হারিয়ে শোকে পাথর দু’জনেই। ঘটনার পর থেকে বারবার মূর্চ্ছা যাচ্ছেন তাঁরা। মৃত শিশুটির জেঠু বলেন, যে বাচ্চা আধ ঘণ্টা আগেও ঠিক ছিল, তার মৃত্যু পরিবারের কেউই আমরা মেনে পারছি না।
সম্পর্কিত সংবাদ