সংবাদদাতা, তুফানগঞ্জ: এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল তুফানগঞ্জ থানার পুলিস। বুধবার তুফানগঞ্জ-১ ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ছাট ভেলাকোপা রেলব্রিজ সংলগ্ন এলাকা থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রবিউল ইসলাম (শান্ত)। তার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। তদন্তে পুলিস জানতে পেরেছে, ২০১৪ সালে রবিউল অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর ভারতের বিভিন্ন জায়গায় ছিলে। দু’বছর আগে সে মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রথম খণ্ড ভেলাকোপায় একটি পুকুরের নিরাপত্তারক্ষী হিসেবে কাজে যোগ দেয়। পুকুর মালিক মুস্তাক আলি বলেন, বলরামপুরের বাসিন্দা আশরাফ মিয়াঁ আমার পুকুর দুই বছরের জন্য লিজ নিয়েছিলেন। তিনিই রবিউলকে পুকুর দেখভালের দায়িত্ব দেন। বছর খানেক আগে আশরাফ মারা যান। ধৃত কী উদ্দেশ্যে এবং কেন এদেশে এসেছে তা পুলিস খতিয়ে দেখছে।



