Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মারধরের অভিযোগ দায়ের করলেন বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্য

মারধরের অভিযোগ দায়ের করলেন বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্য
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা মানিকচক: দলীয় প্রধানের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে মানিকচক থানার দ্বারস্থ হলেন দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির মহিলা সদস্য প্রতিমা মণ্ডল। প্রধান শক্তি মণ্ডল সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁর ছেলে বঙ্কিম মণ্ডল। বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি ঘোষ  বলেন, দু’মাস ধরে একটা সমস্যা চলছে। সেজন্য মঙ্গলবার আমরা সমাধানে বসি। সেখানে বাকবিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। আরেকবার বৈঠক ডেকে মিটিয়ে নেওয়া যাবে বলে আশা করছি। বঙ্কিমের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির সাধারণ সম্পাদক গৌর মণ্ডলের বাড়িতে ডাকা বৈঠকে মাকে দলীয় নেতৃত্বের সামনেই মারধর করেন প্রধান সহ কয়েকজন। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে উপযুক্ত ব্যবস্থা নিক পুলিস। অভিযুক্ত প্রধান বলেন, পঞ্চায়েত সদস্য নিজেই দুল ছিঁড়ে মারধরের মিথ্যে অভিযোগ করেছেন। আমরাও পাল্টা অভিযোগ করব। মালদহ মেডিক্যালে চিকিত্সার পর আপাতত সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন প্রতিমা। মানিকচক থানার পুলিস জানিয়েছে, অভিযোগ জমা পড়েছে। খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ