Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মারধরের অভিযোগে আলিপুরে গ্রেপ্তার জাতীয় স্তরের বক্সার

মারধরের অভিযোগে আলিপুরে গ্রেপ্তার জাতীয় স্তরের বক্সার
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিছন থেকে ক্রমাগত বাইকের হর্ন বাজানোর প্রতিবাদ করেছিলেন সামনের গাড়িতে থাকা সওয়ারিরা। বাইকচালকের যুক্তি ছিল, যতক্ষণ না গাড়ি তাঁকে সাইড দেবে, ততক্ষণ তিনি এভাবেই হর্ন বাজাবেন। আলিপুর স্টেট ব্যাঙ্কের সামনের রাস্তায় এনিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই সময় আচমকা বাইকচালক তাঁর হাতে থাকা হেলমেট দিয়ে মারধর করেন গাড়ির তিন যাত্রীকে। বক্সারদের মতো ঘুসি মারতে থাকেন নাকেমুখে। এই ঘটনায় তিনজনই আহত হন। আলিপুর থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অমন চৌধুরী নামের ওই বাইকচালককে।
Advertisement
তদন্ত করতে গিয়ে জানা যায়, অমন আসলে বক্সার। জাতীয় ও রাজ্য স্তরে একাধিক প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন তিনি। বক্সার হিসেবে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। ইকবালপুরের বাসিন্দা এই বক্সার বিভিন্ন জায়গায় প্রশিক্ষণও দেন। তাঁর নিজস্ব বক্সিং স্কুলও রয়েছে। মঙ্গলবার রাত ১১টা নাগাদ প্রশিক্ষণ শেষে তিনি ইকবালপুরে ফিরছিলেন। তাঁর সামনেই ছিল একটি গাড়ি। তাতে তিন যুবক ছিলেন। অভিযুক্তের দাবি, অনেকক্ষণ ধরেই গাড়িটি তাঁকে সাইড দিচ্ছিল না। তাই হর্ন বাজাতে শুরু করি। গাড়ির যাত্রীরা প্রতিবাদ করলে গোলমাল শুরু হয়। অভিযোগ, সেই সময় ওই বক্সার হেলমেট দিয়ে তাঁদের মাথায় মারেন। মুখে ঘুসিও মারেন। ওই বক্সারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় কেস রুজু হয়। বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে আলিপুর থানা। অভিযুক্তকে শুক্রবার আলিপুর আদালতে তোলা হলে তাঁকে পুলিসি হেফাজতে পাঠান বিচারক।
Advertisement
সম্পর্কিত সংবাদ