Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মারধর করে যুবকের টাকা কাড়ার অভিযোগে গ্রেপ্তার টোটো চালক

মারধর করে যুবকের টাকা কাড়ার অভিযোগে গ্রেপ্তার টোটো চালক
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: মেলা দেখতে নিয়ে গিয়ে টাকা হাতিয়ে যুবককে বেধড়ক পেটানোর অভিযোগে এক টোটোচালককে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতের নাম দেবীপ্রসাদ দাস। তার বাড়ি সোনামুখী শহরের আদব বাজারে। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, সোনামুখী শহরের নীলবাড়ি এলাকার ঋক দাস তাঁর মায়ের জন্য ওষুধ কিনতে শহরের চৌমাথা এলাকায় গিয়েছিলেন। সঙ্গে তাঁর এক বন্ধুও ছিল। ওই সময় দেবীপ্রসাদ সেখানে টোটো নিয়ে হাজির হয়। ঋককে তার টোটোয় চাপিয়ে স্থানীয় নফরডাঙায় মেলা দেখাতে নিয়ে যাবে বলে জানায়। তাতে ঋক রাজি হয়। তবে ঋকের সঙ্গে থাকা বন্ধুকে নিয়ে যেতে সে রাজি হয়নি। অগত্যা টোটোয় চাপতেই দ্রুত গতিতে নফরডাঙা এলাকায় যায়। মেলার পিছনের দিকে ফাঁকা মাঠে নিয়ে টোটো থামায়। তারপরেই সে রুদ্র মূর্তি ধারণ করে। ঋকের কাছ থেকে জোর করে দু’হাজার টাকা কেড়ে নেয়। প্রতিবাদ করলে টোটো থেকে একটি রড বের করে ঋকের মাথায় আঘাত করে। ঋক কোনওরকমে সেখান থেকে পালিয়ে আসেন। পরে তাঁকে বাড়ির লোকজন সোনামুখী ব্লক হাসপাতালে ভর্তি করেন। এনিয়ে তিনি সোনামুখী থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস দেবীপ্রসাদকে গ্রেপ্তার করে। ঋক বলেন, দেবীপ্রসাদ আগে আমাদের পাড়ায় থাকত। বর্তমানে সে আদববাজার এলাকায় থাকে। গত ২৬ জানুয়ারি দোকানে মায়ের জন্য ওষুধ কিনছিলাম। হঠাৎ দেবীপ্রসাদ আমাকে ডাকে। অনেকদিন পর দেখা হওয়ায় তার ডাক শুনে দোকান থেকে বেরিয়ে আসি। মেলায় যাওয়ার প্রস্তাব দিলে রাজি হই। তবে সঙ্গে আমার এক বন্ধু যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেও সে নিয়ে যেতে রাজি হয়নি। তখনও আমি বুঝতে পারিনি যে ও আমাকে একা নিয়ে গিয়ে টাকা হাতানোর পরিকল্পনা করেছে। পরিচিত লোক হয়ে এভাবে আমাকে প্রাণে মারার চেষ্টা করবে, তা ভাবতে পারিনি। তার শাস্তি চেয়ে পুলিসের কাছে আর্জি জানিয়েছি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ