সংবাদদাতা, বর্ধমান: মারধরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী সহ শ্বশুরবাড়ির তিনজনকে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিস। ধৃতদের নাম আসরাফুল শা ওরফে সৃজন, মইমুর শা ওরফে রবিউল ও রাজন শা ওরফে ইনশা। তাদের বাড়ি গলসি থানার খেতুড়া গ্রামে। বৃহস্পতিবার ভোররাতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, বছর তিনেক আগে বীরভূমের নানুর থানা এলাকার সাউতা গ্রামের রুমি ওরফে রুমে খাতুনের সঙ্গে আসরাফুলের বিয়ে হয়েছিল। বিয়েতে রুমির বাপেরবাড়ি থেকে শ্বশুরবাড়ির চাহিদামতো পণ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও বিয়ের কিছুদিন পর তাঁকে বাপেরবাড়ি থেকে আরও এক লক্ষ টাকা আনার জন্য চাপ দেয় শ্বশুরবাড়ির লোকজন। টাকা আনতে অস্বীকার করায় তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। মাঝেমধ্যেই তাঁকে মারধর করা হতো। রুমির একটি দেড় বছরের সন্তান আছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে তিনি সব অত্যাচার মুখ বুজে সহ্য করতেন। এ বছরের ১০মে সকালে তাঁকে প্রচণ্ড মারধর করা হয়।



