Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেয়র পরিষদ সদস্যের ওয়ার্ডেই নালায় জমছে বর্জ্য, মশার উপদ্রব

মেয়র পরিষদ সদস্যের ওয়ার্ডেই নালায় জমছে বর্জ্য, মশার উপদ্রব
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভার মেয়র পরিষদ সদস্যর ওয়ার্ডেই আবর্জনায় বুজে আছে নিকাশি নালা। যেকারণে বড় নালায় জল দাঁড়িয়ে রয়েছে। ৩ নম্বর ওয়ার্ডের লোকনাথ বাল সরণির সামনে দিয়ে যাওয়া এই নিকাশি নালা অনেকটাই বড় ও গভীর। আর এই জমা জলে ডেঙ্গুর আতঙ্কে দিন কাটাচ্ছেন ৩ নম্বর ওয়ার্ডের প্রধাননগর সহ সংলগ্ন এলাকার বাসিন্দারা। 
Advertisement
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ছোট-বড় নালাগুলি সাফাই করা হয় না। অনেকদিন ধরে নোংরা আবর্জনায় ভরে রয়েছে নালাগুলি। পচা জমা জলের দুর্গন্ধে লাগোয়া এলাকার বাসিন্দারা জেরবার। বাড়ছে মশার উপদ্রব। পুরসভার ৪৫, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের জল বড় নালা দিয়ে মহানন্দা নদীতে গিয়ে পড়ার কথা। কিন্তু যেভাবে গোটা নালাজুড়ে বর্জ্য জমে রয়েছে তাতে জল দাঁড়িয়ে থাকছে। বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত সাফাই হয় না এই নিকাশি নালা। নোংরা পচা জল জমে থাকায় মশার আতঙ্কের পাশাপাশি দুর্গন্ধে এলাকায় থাকা যাচ্ছে না। 
রামভজন মাহাত বর্তমানে পুরসভার প্রোপার্টি ট্যাক্স, অ্যাসেসমেন্ট, মার্কেট বিভাগের মেয়র পরিষদ সদস্য। এই এলাকার দীর্ঘদিনের কাউন্সিলার তিনি। বাম জমানায় তিনি এই ওয়ার্ডের কাউন্সিলারের পাশাপাশি ডেপুটি মেয়রও ছিলেন। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর তৃণমূল পরিচালিত পুরবোর্ডের মেয়র পরিষদ সদস্য হন। দীর্ঘদিন এলাকার কাউন্সিলার হয়েও নিকাশি নালার সমস্যার সমাধান করতে কেন পারেননি তিনি, তা নিয়ে উঠছে প্রশ্ন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই নিকাশি নালা পরিষ্কার করার ব্যাপারে কাউন্সিলারের কোনও উদ্যোগ নেই। ডেঙ্গু সচেতনতা নিয়ে প্রচার চলে, কিন্তু এই জমা জল থেকে যে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ বিস্তার করতে পারে সেদিকে খেয়াল নেই কাউন্সিলারের। 
মেয়র পরিষদ সদস্য রামভজন মাহাত তাঁর ওয়ার্ডের বড় এবং ছোট নালার বেহাল অবস্থার কথা মেনে নিয়েছেন। তিনি বলেন, নিকাশি নালায় বর্জ্য জমে থাকাটা নজরে এসেছে। পুজোর পর সাফাইকর্মীর সমস্যা ছিল। তাই কয়েকদিন নালা সাফাই হয়নি। তবে শীঘ্রই নিকাশি নালা সাফাই করা হবে। 
সম্প্রতি পুরসভার বোর্ড মিটিংয়ে শহরের জঞ্জাল সাফাইয়ে ব্যর্থতার অভিযোগে সরব হয়েছিলেন তৃণমূলেরই কাউন্সিলার রঞ্জন শীলশর্মা। তাঁর নিজের ওয়ার্ড সহ শহরের বিভিন্ন জায়গায় জঞ্জাল সাফাইয়ের কাজে গাফিলতির অভিযোগে তিনি সোচ্চার হয়েছিলেন বোর্ড মিটিংয়ে। 
সম্পর্কিত সংবাদ