সংবাদদাতা, বহরমপুর: সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় বকাবকি করেছিল মা। সেই অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হল এক কিশোরী। মৃতার নাম রেকসোনা খাতুন(১৪)। বাড়ি নওদার রমনা চাঁদপুরে। সোমবার সন্ধ্যায় বাড়িতে সে কীটনাশক খায়। উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে মঙ্গলবার দুপুরে মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলছিল রেকসোনা। তাকে ডাকতে যান মা। কিন্তু, রেকসোনা কথা শোনেনি। তাই মা তাকে বকাবকি করেন। তাতেও বাড়ি না ফেরায় বাবাকে বলে দেব বলে ভয় দেখান। এরপরই বাড়ি ফিরে সে অভিমানে কীটনাশক খায়। তড়িঘড়ি উদ্ধার করে আমতলা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।



