Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মায়াপুরের স্কুলে ছাত্রছাত্রীদের তিথি ভোজন করালেন শিক্ষক

মায়াপুরের স্কুলে ছাত্রছাত্রীদের তিথি ভোজন করালেন শিক্ষক
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: মিড ডে মিলের প্রতি ছাত্রছাত্রীদের আকর্ষণ বাড়াতে ও বাড়তি পুষ্টি জোগাতে এবার ‘তিথি ভোজন’-এর উদ্যোগ নিল মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সহ শিক্ষক সেলিম শেখ তাঁর পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে ১৯২জন ছাত্রছাত্রীকে মিড ডে মিলে বিরিয়ানি, চিকেন, চাটনি, দই এবং নলেন গুড়ের রসগোল্লা খাওয়ালেন। এছাড়াও প্রতিটি ছাত্রছাত্রীর হাতে পড়াশোনার সরঞ্জামও তুলে দেন। কি এই তিথি ভোজন? কোনও পুণ্যতিথি অথবা অনুষ্ঠান উপলক্ষে শিশুদের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে ‘তিথি ভোজন’ প্রকল্পের কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এমনিতে বিদ্যালয়ে সরকারি খরচে ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ানো হয়। পাশাপাশি যে কেউ জন্মদিন, বিবাহ, বিবাহবার্ষিকী বা কোনও অনুষ্ঠান উপলক্ষে ছাত্রছাত্রীদের খাওয়াতে পারবে। সেক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। ছাত্রছাত্রীদের খাওয়ার জন্য তাঁরা যে টাকা দেবেন, সেই টাকা সেদিনের মিড ডে মিলের সঙ্গে যুক্ত করে ছাত্রছাত্রীদের আরও ভালোভাবে খাওয়ানোর আয়োজন করা হবে। সরকারিভাবে এই উদ্যোগের নামকরণ করা হয়েছে ‘তিথি ভোজন’। এই প্রকল্পে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন ২০১৩ অনুযায়ী স্কুলপড়ুয়াদের বিদ্যালয়েই স্বাস্থ্যকর খাবার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 
Advertisement
প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন, ‘বিদ্যালয়ে মিড ডে মিলে একটু ভিন্ন স্বাদের পুষ্টিকর খাবার দিতেই এই উদ্যোগ। পাশাপাশি স্কুলছুট বা ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বাড়াতে ‘তিথি ভোজন’ কার্যকরী ভূমিকা নেবে বলে মনে হয়। 
এদিন ‘তিথি ভোজন’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক, জানবাস শেখ সহ নবদ্বীপ ব্লকের বিভিন্ন আধিকারিক সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরা। জানবাস সাহেব বলেন, ‘আগামীদিনে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন এই তিথি ভোজন বিষয়টি নিয়ে উৎসাহিত হবেন। ফলে, ছাত্রছাত্রীরাও উপকৃত হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ