সংবাদদাতা, নবদ্বীপ: মায়াপুরে এক গৃহবধূকে ধর্ষণ ও খুনের চেষ্টার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক মধ্যবয়সী মহিলা গ্রেপ্তার। মঙ্গলবার সকালে মায়াপুরের গৌরনগর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মণিকা মৃধা। বাড়ি মায়াপুর গৌরনগরে। এদিন ধৃতকে নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তের দু›দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
জানা গিয়েছে, গত ১৪ আগস্ট রাতে মায়াপুর জলকর এলাকার এক মহিলার বাড়িতে ঢুকে কিছু দুষ্কৃতী তাঁকে মারধর, ধর্ষণ এবং খুনের চেষ্টা করে। ওই রাতেই ধর্ষিতা বধু পুলিসের কাছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তদন্ত শুরু করে পুলিস। বিভিন্ন জায়গায় খোঁজখবর করে এরপর পুলিস নিশ্চিত ভাবে জানতে পারে এই ঘটনার সঙ্গে যুক্ত মণিকা মৃধা । এরপরই ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিস। তবে তদন্তের স্বার্থে এই ঘটনার সঙ্গে যুক্ত অন্য দোষীদের সন্ধান পেতে আদালতের নির্দেশে মহিলাকে নিজেদের হেফাজতে নিল নবদ্বীপ থানার পুলিস।



