সংবাদদাতা, নবদ্বীপ: সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে রাজ্যস্তরের ছয়দিনের আবাসিক বিশেষ শিক্ষক প্রশিক্ষণ শিবির শুরু হল। সোমবার মায়াপুর গৌরনগর ইউথ হস্টেলে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি মীর তারান্নুম সুলতানা। কর্মসূচিতে ইউনিসেফ ও রাজ্যস্তরের প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। শনিবার অবধি এই প্রশিক্ষণ চলবে।
Advertisement
এই আবাসিক শিবিরে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার আইইডি কোঅর্ডিনেটররা উপস্থিত ছিলেন। ৪০জন মহিলা সহ সবমিলিয়ে ১০৪জন হাজির ছিলেন। সেখানে অতিরিক্ত জেলাশাসক প্রলয় রায়চৌধুরী, জেলা শিক্ষা আধিকারিক রাজীব পাণ্ডে, জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ কার্তিক মণ্ডল সহ অন্যরা উপস্থিত ছিলেন।



