সংবাদদাতা, নবদ্বীপ: মায়াপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের । বুধবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মায়াপুর ইসকন মন্দিরের ১ নম্বর মূলগেট সংলগ্ন এলাকায়। পুলিস জানিয়েছে মৃতের নাম সাধু শিরোমণি দাস (৭১)। বাড়ি মায়াপুরের রুদ্রপাড়া সরকার পাড়ায়। বাসটিকে আটক করেছে পুলিস। অভিযুক্ত চালক শেখ রবিবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানা এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে ওই বৃদ্ধ প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে বের হন। তারপর ইসকনের রাধামাধব মন্দিরের মঙ্গলারতি দেখে বাড়ি ফেরেন। এদিনেও তিনি মঙ্গলারতি দেখে বাড়ি ফিরছিলেন।



