সংবাদদাতা, নবদ্বীপ: এক বিদেশিনীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নবদ্বীপের মায়াপুরে এক যুবক গ্রেপ্তার হল। বুধবার বিকেলে ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত আবদার শেখকে পুলিস গ্রেপ্তার করে। তার বাড়ি তেহট্ট থানার পুঁটিমারি এলাকায়। বৃহস্পতিবার ধৃতকে নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে তার দু’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, ১২ ডিসেম্বর কৃষ্ণনগর স্টেশনে ওই বিদেশিনীর সঙ্গে আবদার শেখের পরিচয় হয়। সেই সূত্র ধরে ওই মহিলার সঙ্গে সে মায়াপুরে চলে আসে। এরপর থেকে ওই যুবক একাধিকবার মহিলার মায়াপুরের ফ্ল্যাটে আসে। অভিযোগ, এরপর ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। এমনকী, তাঁর পাসপোর্ট, টাকাপয়সা চুরি করে নেয় বলে অভিযোগ। বুধবার ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিস আবদারকে গ্রেপ্তার করে। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ওই বিদেশিনীর স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করেছে পুলিস।



