সংবাদদাতা, নবদ্বীপ: বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মিরাজ মণ্ডল। বাড়ি বামুনপুকুর পুরাতন মসজিদ পাড়ায়। শনিবার ভোরে মায়াপুর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এদিন ধৃত মিরাজকে নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়।
Advertisement
বধূর অভিযোগ, প্রায় ১৪ বছর আগে মায়াপুরের মিরাজের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দু’টি ছেলে রয়েছে। মিরাজ জনমজুরের কাজ করে। সে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। তার প্রতিবাদ করায় অত্যাচার শুরু হয়। কয়েক বছর আগে তাঁকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। তারপর থেকে তিনি দুই সন্তানকে নিয়ে বামুনপুকুর এলাকায় একাই থাকতেন। শুক্রবার সেখানে এসে তাঁকে প্রচণ্ড মারধর করে মিরাজ। বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এরপরই তিনি স্বামীর বিরুদ্ধে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন।



