‘নিখোঁজ’ সাংসদ প্রসূন! পোস্টারে পোস্টারে ছয়লাপ হাওড়ার রাস্তা
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ‘হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় কোথায়? তাঁকে কি কেউ দেখেছেন? দেখা পেলে খবর দিন সমাজবাদী পার্টিকে।’  এমনই আবেদন জানিয়ে হাওড়ার রাস্তায় রাস্তায় পড়ল ‘নিখোঁজ’ পোস্টার! বুধবার সকালে হাওড়া পুরসভার সামনে এবং হাওড়া ময়দান এলাকায় একাধিক এমন পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পথচলতি মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়। বিষয়টি নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোরও।

Advertisement

সমাজবাদী পার্টির নামে লাগানো পোস্টারগুলির একটিতে লেখা, ‘ও প্রসূনবাবু, আপনি তো খুব মস্তিতে আছেন, কিন্তু আমরা তো স্বস্তিতে নেই। আপনাকে কোথায় পাওয়া যাবে, বলবেন? অনেক দিন ধরে আপনাকে খুঁজছি।’ অন্য একটি পোস্টারে বড়ো বড়ো অক্ষরে লেখা ‘নিখোঁজ, নিখোঁজ, নিখোঁজ’। সেখানে সাধারণ মানুষের উদ্দেশে আবেদন জানানো হয়েছে, কেউ সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কোথাও দেখতে পেলে যেন সমাজবাদী পার্টিকে খবর দেন। তবে পোস্টার লাগানোর বিষয়টি নিয়ে সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি শ্রীকান্তকুমার ঘোষের বক্তব্য, তাঁদের দলের তরফে এমন কোনো পোস্টার লাগানো হয়েছে কি না, তিনি জানেন না। খোঁজ নেবেন তিনি। যদিও পোস্টারের বক্তব্যের সঙ্গে তিনি সম্পূর্ণ একমত বলে জানিয়েছেন। তাঁর অভিযোগ, হাওড়ার সাংসদকে কখনও মানুষের পাশে দেখা যায় না। হাওড়ার জন্য তিনি আদৌ কিছু করেছেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন শ্রীকান্তবাবু।
এদিকে, বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষও। তাঁর বক্তব্য, ‘মানুষের পাশে থেকে পরিষেবা দেওয়াই জনপ্রতিনিধিদের কাজ। কিন্তু সত্যিই দীর্ঘদিন ধরে সাংসদকে দেখা যাচ্ছে না।’ পোস্টার নিয়ে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সকাল সকাল এমন পোস্টার দেখে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই পোস্টারের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে জানান, এলাকার উন্নয়ন থেকে শুরু করে সাধারণ মানুষের প্রয়োজনে সাংসদকে সেভাবে দেখাই যায় না। তাঁদের দাবি, শেষবার বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হয়ে প্রচারের সময় তাঁকে দেখা গিয়েছিল। কারও কারও মন্তব্যে ছিল কটাক্ষের সুর। তাঁদের কথায়, ‘দামি পোশাক পরে দামি গাড়িতে চেপে মাঝেমধ্যে হাওড়ার রাস্তায় দেখা যেত সাংসদকে। কিন্তু বিধানসভা নির্বাচনের পর থেকে তিনি যেন একেবারে ভ্যানিশ।’ ফলে রাজনৈতিক তরজার পাশাপাশি সাধারণ মানুষের আলোচনাতেও এখন একটাই প্রশ্ন, কোথায় গেলেন সাংসদ!