সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ শহরে ব্যস্ততম সময়ে চলন্ত টোটো ভেঙে বিপত্তি। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন টোটোচালক ও এক যাত্রী। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায়।
সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ শহরে ব্যস্ততম সময়ে চলন্ত টোটো ভেঙে বিপত্তি। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন টোটোচালক ও এক যাত্রী। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায়।
রবিবার সকালে ওই টোটোটি পণ্য নিয়ে শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকা থেকে কর্ণজোড়ার দিকে যাচ্ছিল। সেসময় শিলিগুড়ি মোড়ে ট্রাফিক কিয়স্কের সামনে টোটোর সামনের চাকার যন্ত্রাংশ খুলে ভেঙে পড়ে। ফলবোঝাই টোটোতে থাকা চালক ও পণ্যের মালিক আহত হন। ট্রাফিক কিয়স্কের সামনে এধরনের ঘটনা ঘটায় পুলিস তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে।
শহরের মধ্যে বারবার যাত্রীবোঝাই টোটোতে পণ্য বহন করা এবং টোটোর স্বাস্থ্য পরীক্ষা না করায় প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসী। শহরের বাসিন্দাদের অভিযোগ, এধরনের দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। কোনও টোটোর ব্রেক নেই। কোনও টোটোতে যান্ত্রিক গোলযোগ রয়েছে। সেসব টোটো দিনের পর দিন শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। যার ফলে দুর্ঘটনাও ঘটছে। কিন্তু টোটোর স্বাস্থ্য পরীক্ষা এবং পণ্যবহনকারী টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? প্রশ্ন তুলেছেন শহরের অনেকে।
শহরে টোটো চলাচলে পুরসভার তরফে বেশ কিছু নিয়ম চালু হলেও আদতে কি তা কার্যকর হচ্ছে? পুর প্রশাসক সন্দীপ বিশ্বাসের সাফাই, টোটোয় দুর্ঘটনা ঘটলে তার দায়িত্ব চালকের। তবে যাত্রীর পরিবর্তে টোটোয় পণ্য পরিবহণ হলে, সেটা দেখার কথা আরটিও’র। আমরা টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছি। যাতে টোটোগুলিকে চিহ্নিতকরণ করা যায়।
রায়গঞ্জের আরটিও সুশান্ত অধিকারীর দাবি, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আমরা টোটোর স্বাস্থ্য পরীক্ষা কিংবা কোনও আইনি পদক্ষেপ নিতে পারছি না। নিয়ম ভেঙে যাত্রীর বদলে পণ্য নিয়ে শহরের সর্বত্র টোটো ছুটলেও প্রশাসন কেন পদক্ষেপ করছে না, তানিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। রায়গঞ্জ শহর ট্রাফিক ওসি তাপস কুমার বিশ্বাস বলেন, আমরা টোটো চালকদের সচেতন করছি, যাতে পণ্য পরিবহণ না করে।