নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পাঁচ থেকে সাতটি গ্রামের মানুষের দীর্ঘদিনের ভরসা এই মাঠ। সেখানে ফুটবল খেলা থেকে শুরু করে নানা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান— সবই হয়ে আসছে বছরের পর বছর। সেই ঐতিহ্যবাহী খেলার মাঠেই এবার শৌচালয় ও উপস্বাস্থ্য কেন্দ্র তৈরির উদ্যোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মাঠের অস্তিত্ব রক্ষার দাবিতে কার্যত একজোট হয়েছেন হাওড়ার বালি-জগাছা ব্লকের চামরাইল বিবেকানন্দ পল্লির বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে এই মাঠে শৌচালয় ও উপস্বাস্থ্য কেন্দ্র তৈরির প্রস্তাব গৃহীত হয়েছিল। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ শুরু হয়েছে। মাঠে নির্মাণকাজের জন্য ঠিকাদার পাঠিয়ে মাপজোকও করা হয়েছে বলে অভিযোগ। তাঁদের অভিযোগ, প্রশাসনের কাছে আপত্তি জানিয়েও কোনো সদর্থক পদক্ষেপ মেলেনি। তাই বাধ্য হয়ে প্রতিবাদে নামতে হয়েছে। গ্রামবাসীদের আপত্তি অবশ্য স্বাস্থ্যকেন্দ্র বা শৌচালয় নির্মাণ নিয়ে নয়। তাঁদের প্রশ্ন, এলাকায় একাধিক বিকল্প জায়গা থাকা সত্ত্বেও কেন খেলার মাঠকেই বেছে নেওয়া হচ্ছে? মাঠের পাশেই রয়েছে একটি পুকুর। নির্মাণের জন্য মাঠ খোঁড়ার পাশাপাশি পুকুরটিও ভরাটের উদ্যোগ নেওয়া হবে বলে অভিযোগ। কাছেই রয়েছে দুর্গাবেদি। সেখানে শৌচালয় তৈরি হলে ধর্মীয় পরিবেশও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তাঁদের আশঙ্কা।
এলাকাবাসীর আরও অভিযোগ, আশপাশে একাধিক কল-কারখানা গড়ে ওঠায় মাঠের একাংশ ইতিমধ্যেই বাউন্ডারি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। নিকাশি ব্যবস্থাও পর্যাপ্ত নয়। এই পরিস্থিতিতে নতুন নির্মাণ হলে অবশিষ্ট মাঠটুকুও হারিয়ে যাবে। গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছেন বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি গোবিন্দ হাজরা। তিনি বিডিওর সঙ্গে কথা বলে বিকল্প জায়গায় নির্মাণের আবেদন জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। তাঁর মতে, মাঝামাঝি কোনো জায়গায় উপস্বাস্থ্য কেন্দ্র হলে একাধিক গ্রামের মানুষ উপকৃত হবেন। তবে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হলেও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী পর্যাপ্ত থাকবেন কি না, সেই প্রশ্নও তুলেছেন বাসিন্দারা। রাজ্য সরকারের কাছে তাঁদের আবেদন, উন্নয়নের নামে যেন ঐতিহ্যবাহী মাঠ ও পুকুরের অস্তিত্ব মুছে না যায়। নিজস্ব চিত্র



