Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রিয়ালকে ফের টেক্কা দিতে তৈরি মরিনহোর বেনফিকা

ডাগ-আউটে তাঁর উপস্থিতি যে কোনও ম্যাচের রং বদলে দিতে পারে। অতীতে একাধিকবার তা  প্রমাণ করেছেন হোসে মরিনহো।

রিয়ালকে ফের টেক্কা দিতে তৈরি মরিনহোর বেনফিকা
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লিসবন: ডাগ-আউটে তাঁর উপস্থিতি যে কোনও ম্যাচের রং বদলে দিতে পারে। অতীতে একাধিকবার তা  প্রমাণ করেছেন হোসে মরিনহো। গত ২৯ জানুয়ারি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাঁর মাস্টার স্ট্রোকে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ৪-২ ব্যবধানে বশ মানায় বেনফিকা। ম্যাচের সংযোজিত সময়ে গোলরক্ষক আনাতোলি ট্রাবিনের গোলে টুর্নামেন্টের প্লে-অফের টিকিট নিশ্চিত করে পর্তুগালের ক্লাবটি। তিন সপ্তাহ ব্যবধানে মঙ্গলবার ফের মুখোমুখি হচ্ছে এই দু’দল। প্লে-অফের প্রথম লেগে ঘরের মাঠে খেলবে বেনফিকা। ২৫ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে হবে ফিরতি লেগের লড়াই। গ্রুপ পর্বের দুরন্ত জয় ভুলে প্লে-অফেও ফের রিয়ালকে টেক্কা দিতে মরিয়া মরিনহো-ব্রিগেড। পক্ষান্তরে, অ্যাওয়ে ম্যাচে জিতে শেষ ষোলোর পথে এক পা বাড়িয়ে রাখাই লক্ষ্য লস ব্ল্যাঙ্কোসের। চোট সারিয়ে কিলিয়ান এমবাপে ফেরায় স্বস্তিতে রিয়াল কোচ আর্বেলোয়া।

Advertisement

বেনফিকার হাত ধরে দীর্ঘ সময় বাদে ফের ইউরোপ সেরার লড়াইয়ে প্রত্যাবর্তন ঘটে মরিনহোর। তবে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি পর্তুগিজ ক্লাবটির। গ্রুপ পর্বে প্রথম চারটি ম্যাচে হারের মুখ দেখে তারা। তবে পরের চারটির মধ্যে তিনটিতে জিতে প্লে-অফের যোগ্যতা অর্জন করে বেনফিকা। শুধু তাই নয়, সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে তারা। তাই মঙ্গলবার রিয়ালের জন্য লড়াইটা সহজ হবে না। তবে বড় আসরে মাদ্রিদের ক্লাবটি সবসময় বিপজ্জনক। মরিনহোর চেয়ে তা ভালো আর কেউ জানেন না।

Advertisement
সম্পর্কিত সংবাদ