মেক্সিকো সিটি: একাধিক ইতিহাসের সাক্ষী অ্যাজটেকা স্টেডিয়াম। জোড়া বিশ্বকাপ ফাইনালের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজিত হয়েছে এই ভেন্যুতে। আসন্ন বিশ্বকাপেও উদ্বোধনী ম্যাচের দায়িত্বে থাকছে মেক্সিকোর এই ঐতিহাসিক স্টেডিয়াম। ইতিমধ্যেই নতুন রূপে গড়ে তোলা হয়েছে অ্যাজটেকাকে। সংস্কারের পর শনিবার রাতে এই স্টেডিয়ামে প্রথম কোনও ম্যাচ আয়োজিত হয়। হোম টিম মেক্সিকোর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল পর্তুগাল। আসন্ন বিশ্বকাপে অন্যতম ফেভারিট রবার্তো মার্তিনেজের দল। তবে চোটের কারণে এই ম্যাচে ছিলেন না অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পুরো ম্যাচেই তাঁর অভাব পরিলক্ষিত হল। চোটে জর্জরিত মেক্সিকোর ১২ জন নিয়মিত সদস্যকে ছাড়াই দল সাজাতে হয়েছিল কোচ হাভিয়ের আগুইরেকে। তা সত্ত্বেও তাদের বিরুদ্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ পর্তুগাল। একরাশ হতাশা সঙ্গে নিয়েই মাঠ ছাড়লেন ব্রুনো ফার্নান্ডেজ, গনজালো র্যামোসরা। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ চেপে রাখেননি কোচ মার্তিনেজ।



