সংবাদদাতা, দিনহাটা: দাম্পত্য কলহের জেরে মাত্র দু’বছরের শিশুকন্যাকে গলা টিপে খুন করে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা। বৃহস্পতিবার সকালে দিনহাটা-২ নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জায়গীর বালাবাড়ি গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শিশুর নাম মিজনু খাতুন (২)। অভিযুক্ত মা মোমেনা বিবিকে গ্রেপ্তার করেছে সাহেবগঞ্জ থানার পুলিস। শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর ধরে মোমেনা বিবি ও মিজানুর শেখ বিহারের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। প্রায় পনেরো দিন আগে তাঁরা গ্রামে ফিরে আসেন। তিন সন্তান সহ পরিবার নিয়ে বসবাস শুরু করেন। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে একাধিক কারণে প্রায়শই অশান্তি লেগেই থাকত। সালিশি সভাও হয়েছে বহুবার। মিজানুর পেশায় রাজমিস্ত্রি। বৃহস্পতিবার সকালে মোমেনা স্বামীর কাছে টাকা চাইলে দিতে অস্বীকার করায় আবারও বচসা হয়। অভিযোগ, স্বামী বাইরে যেতেই ঘরে থাকা ছোট্ট মেয়েকে গলা টিপে হত্যা করার অভিযোগ ওঠে মোমেনার বিরুদ্ধে। এরপর বড় ছেলেকেও হত্যা করার চেষ্টা করেন তিনি। কিন্তু বড় ছেলে ছুটে বাইরে চলে যায় ও চিৎকার শুরু করে। প্রতিবেশীরা এসে ঘরে ঢুকে দেখেন মোমেনা ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। দ্রুত তাঁকে উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা নুরুল হুদা খন্দকার বলেন, ছেলেটির চিৎকার শুনে আমরা ঘরে ঢুকে দেখি মোমেনা তখন ঝুলছিলেন। তাঁকে নামানো হয়। পরে দেখা যায় শিশুটির দেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সদস্য ও পুলিসকে খবর দেওয়া হয়।
পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতা মোজাম্মেল মিয়াঁ বলেন, দাম্পত্য কলহের কারণে ওই মহিলা একাধিকবার বাপের বাড়ি চলে গিয়েছিলেন। বারবার পঞ্চায়েত স্তরে আলোচনার পর তাঁকে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, কল্পনাও করতে পারিনি।
সাহেবগঞ্জ থানার ওসি অজিত সাউ বলেন, অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে পুলিস। - নিজস্ব চিত্র।