কিশোরী অপহরণে মূল অভিযুক্তর মা গ্রেপ্তার
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: কিশোরীকে অপহরণ ও তার বাড়ি থেকে নিয়ে যাওয়া সোনার গয়না বন্ধক দেওয়ার ঘটনায় মূল অভিযুক্তের মাকে গ্রেপ্তার করেছে বর্ধমান মহিলা থানার পুলিশ। ধৃত মহিলা সোফিয়া বিবি। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আমতলা তেহট্টে তাঁর বাড়ি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমানের পকসো আদালতে তোলা হয়। মূল অভিযুক্তকে ধরতে এবং কিশোরী ও হাতিয়ে নেওয়া সোনার গয়না উদ্ধারের জন্য ধৃতকে ১০দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতকে ছ’দিন পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দেন পকসো আদালতের বিচারক দেবশ্রী হালদার। মামলায় ১৬ বছরের নীচে কিশোরীর উপর ধর্ষণের ধারা যুক্ত করার জন্য এদিন আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ জুলাই দুপুরে বাড়ি থেকে বের হয়  ওই কিশোরী। বিভিন্ন জায়গায় খোঁ‌জ করেও তার হদিশ পাননি পরিবারের লোকজন। দিনকয়েক পর একটি নম্বর থেকে কিশোরীর বাড়িতে হোয়াটস অ্যাপ কল আসে। তাতে কিশোরী জানায়, সে ভালোবাসার লোকের সঙ্গে চলে এসেছে। বাড়ির লোকজন যেন তার খোঁজখবর না করেন। কয়েকদিন পর পরিবারের লোকজন বুঝতে পারেন, যাওয়ার সময় কিশোরী বাড়ি থেকে সাত ভরি সোনার গয়না ও দু’লক্ষ টাকা নিয়ে পালিয়েছে। এরপর গত ৭ সেপ্টেম্বর ওই নাবালিকা বাড়িতে ফোন করে বলে, আমি পালিয়ে এসে ভুল করেছি। পরিচয় গোপন করে সোফিয়ার ছেলে মিথ্যা পরিচয় দিয়ে ভুল বুঝিয়ে অপহরণ করে আমাকে আমতলা তেহট্টে নিয়ে এসে আটকে রেখেছে। সোনার গয়না সব বন্ধক দিয়েছে। তার পর থেকে নাবালিকা প্রায়ই হোয়াটস অ্যাপ কল করে তাকে নিয়ে যাওয়ার জন্য বাড়ির লোকজনকে বলতে থাকে। সেইমতো গত ৯ সেপ্টেম্বর পরিবারের লোকজন আমতলা তেহট্টে যান। সোফিয়া বিবির বাড়িতে গেলে লোকজন তাঁদের ঘিরে ধরে। গালমন্দ করে। সেখান থেকে চলে না গেলে খুনের হুমকিও দেওয়া হয়। এরপরই কিশোরীর মা ঘটনার কথা জানিয়ে মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।