Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

শিশু কন্যাকে নিয়ে কুয়োতে ঝাঁপ মায়ের, মর্মান্তিক ঘটনা বলরামপুরে

শিশু কন্যাকে নিয়ে কুয়োতে ঝাঁপ দিলেন মা। মহিলা কোনও ক্রমে বেঁচে গেলেও মর্মান্তিক মৃত্যু হল চার বছরের ওই শিশুটির। আজ, বুধবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর ব্লকের দরদা পঞ্চায়েতের আমারু গ্রামে।

শিশু কন্যাকে নিয়ে কুয়োতে ঝাঁপ মায়ের, মর্মান্তিক ঘটনা বলরামপুরে
  • ১১ জুন, ২০২৫ ২১:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: শিশু কন্যাকে নিয়ে কুয়োতে ঝাঁপ দিলেন মা। মহিলা কোনও ক্রমে বেঁচে গেলেও মর্মান্তিক মৃত্যু হল চার বছরের ওই শিশুটির। আজ, বুধবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর ব্লকের দরদা পঞ্চায়েতের আমারু গ্রামে। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তির কারণেই শিশুটিকে বলি হতে হয়েছে বলে অভিযোগ। পুলিস ও স্থানীয় সূত্রের খবর, আমারু গ্রামের বাসিন্দা বিভীষণ মাহাত এবং তাঁর স্ত্রী কল্যাণী মাহাতের মধ্যে সাংসারিক অশান্তি লেগেই থাকত। এই নিয়ে মাঝে মধ্যেই আত্মহত্যার হুমকি দিতেন কল্যাণী। কিন্তু তার পরিণতি যে এমন মর্মান্তিক হবে, তা ভাবতে পারেননি কেউই।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, আজ, বুধবার দুপুর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। দীর্ঘক্ষণ ধরে অশান্তি চলতে থাকে। ওই সময় পাড়ার শিশুদের সঙ্গে খেলছিল দম্পতির চার বছরের শিশু কন্যা অনু। অভিযোগ, ঝগড়া চলাকালীন হঠাৎ করেই রেগে বাড়ি থেকে বেরিয়ে আসেন ওই গৃহবধূ। তারপর খেলতে থাকা শিশুদের মধ্যে থেকে নিজের মেয়েকে তুলে নেন। কোলে তুলে হনহন করে গ্রাম থেকে বেরিয়ে যান। এরপর, শিশু কন্যাকে নিয়ে গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে গোবিন্দপুর এলাকার একটি কুয়োর কাছে উপস্থিত হন ওই বধূ। সেই কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটি দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা।

গৃহবধূ ও শিশুকে উদ্ধার করার চেষ্টা করেন। যদিও ততক্ষণে জলে ডুবে যায় শিশুটি। স্থানীয়রা মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারলেও শিশুটিকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। খবর যায় দমকলেও। দমকলের কর্মীরা এসে শিশুটিকে মৃত অবস্থায় সন্ধ্যায় উদ্ধার করে। এদিকে, মহিলাকে উদ্ধার করে প্রথমে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুরুলিয়ার দেবেন মাহাত মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। আপাতত মহিলার অবস্থা স্থিতিশীল। শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিস।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ