নিজস্ব প্রতিনিধি, তমলুক: মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কেশবপুর গ্রামে বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দলেরই কর্মীরা। আজ সকাল থেকেই দলের প্রবীণ নেতা তথা মহিষাদল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রঘুনাথ পণ্ডার বাড়ির সামনে বিজেপি কর্মীরা পতাকা হাতে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। এনিয়ে প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে আসে মহিষাদল থানার পুলিশ।
অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির দুই গোষ্ঠীর দ্বন্দ্ব বেশ কিছুদিন ধরেই চলছিল। সম্প্রতি তা প্রবল আকার নিয়েছে। এনিয়ে প্রধানের বিরুদ্ধে ২১আগস্ট অনাস্থা আনেন দলের ৬ জন সদস্য। কিন্তু, সেই অনাস্থায় নিজেরা কোন দল থেকে নির্বাচিত তা উল্লেখ না করায় অনাস্থাপত্র খারিজ করে দিয়েছেন বিডিও। এই অবস্থায় মঙ্গলবার পঞ্চায়েত অফিসের ভিতর ত্রাণ সামগ্রী নিয়ে বিজেপির প্রধান শুভ্রা পণ্ডার সঙ্গে দলেরই ভোলসরা বুথের সদস্যা রীতা সাউ অধিকারীর ধস্তাধস্তি ও ঠেলাঠেলি হয়। রীতাদেবী পড়ে গিয়ে জখম হন। বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করাতে হয়। বুধবার রীতাদেবীর পক্ষ থেকে প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েত অফিসে তুমুল বিক্ষোভ হয়। আজ, প্রধান শিবিরের পক্ষ নিয়ে বিজেপির কর্মীরা স্থানীয় বিজেপি নেতা রঘুনাথ পণ্ডার বাড়িতে বিক্ষোভ দেখায়। তাঁদের অভিযোগ, রঘুনাথবাবুর ইন্ধনে প্রধানের বিরুদ্ধে বিজেপির একটা গোষ্ঠী সক্রিয় হয়েছে। অনাস্থা করে সরানোর প্ল্যান চলছে। পঞ্চায়েত প্রধান শুভ্রাদেবীকে সরাতে রঘুবাবুই দলের ছয় পঞ্চায়েত সদস্যকে মদত দিয়ে চলছেন। রঘুনাথবাবু বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এদিন সকাল থেকে কিছু লোকজন আমার বাড়ির সামনে জটলা করে স্লোগান দিচ্ছে। পুলিশ এসেছে।