সংবাদদাতা, রামপুরহাট: ময়ূরেশ্বর থানার উলকুণ্ডা গ্রামে এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর শাশুড়িকে গ্রেপ্তার করল পুলিশ। মৃতার নাম নূরজাহান খাতুন(২১)। তাঁর বাপেরবাড়ি লাভপুর থানার মীরবাঁধ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় আড়াই বছর আগে ময়ূরেশ্বরের উলকুণ্ডা গ্রামের বাসিন্দা জাহাঙ্গির মল্লিকের সঙ্গে নূরজাহানের বিয়ে হয়। পরিবারের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই ওই গৃহবধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। গত বুধবার বিকালে শ্বশুরবাড়িতে ওই বধূকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়। পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।
এই ঘটনায় মৃতার পরিবারের পক্ষ থেকে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে ময়ূরেশ্বর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগ, লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শেষপর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন ওই গৃহবধূ। পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতেই মৃতার শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের খোঁজ চলছে।



