Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে ধৃত মা, নাবালিকাকে হোমে পাঠাল পুলিস

দু’জনেরই বয়স আঠারোর নীচে। নাবালিকা প্রেমের টানে নিজের বাড়ি ছেড়ে উঠেছিল প্রেমিকের বাড়িতে

নাবালক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে ধৃত মা, নাবালিকাকে হোমে পাঠাল পুলিস
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দু’জনেরই বয়স আঠারোর নীচে। নাবালিকা প্রেমের টানে নিজের বাড়ি ছেড়ে উঠেছিল প্রেমিকের বাড়িতে। কিন্তু বিয়ে না হলে তারা একসঙ্গে থাকবে কী করে? এই প্রশ্ন উঠতেই নাবালক ছেলের পরিবার গত রবিবার তড়িঘড়ি বিয়ে দিয়ে দেয় দু’জনের। এই খবর রটতেই নাবালক পাত্রের বাড়িতে হানা দেয় বাগনান থানার পুলিস। তবে পুলিস আসার খবর পেয়েই ওই ছেলে ও তার বাবা বাড়ি ছেড়ে চম্পট দেয়। ধরা পড়ে যায় ছেলেটির মা। নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠায় পুলিস।

Advertisement

নাবালিকার বাড়ি রাজাপুর থানা এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ওই নাবালকের সঙ্গে তার পরিচয়। ছেলেটি বাগনানে সব্জি বিক্রি করে। পুলিস সূত্রে জানানো হয়েছে, গত রবিবার ওই নাবালিকা নিজের বাড়ি ছেড়ে পালিয়ে আসে প্রেমিকের বাড়িতে। তারপর ছেলের মায়ের উদ্যোগেই বিয়ের ব্যবস্থা করা হয় এবং তড়িঘড়ি বিয়েও হয়ে যায়। এদিকে, কিশোর-কিশোরীর বিয়ের খবর চাপা থাকেনি বেশিক্ষণ। নিমেষে ছড়িয়ে পড়ে চারদিকে। খবর পায় বাগনান থানার পুলিস। তৎক্ষণাৎ তাঁরা ওই বাড়িতে অভিযান চালালে পালিয়ে যায় বাবা ও ছেলে। ওই বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে নাবালক ছেলের মাকে গ্রেপ্তার করেছে পুলিস। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক আধিকারিক বলেন, পলাতক ছেলে ও তার বাবার খোঁজ চলছে। ওই নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ