নিজস্ব প্রতিনিধি, বারাসত: ‘কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনও নয়।’ এই প্রবাদ বাক্যের ব্যতিক্রমী ঘটনা ঘটল শাসনে। ‘পরকীয়ার সম্পর্ক’কে টিকিয়ে রাখতে গিয়ে নিজের ছেলেকেই জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে! মৃত শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে মা মিতা হালদারকে (২৮) গ্রেপ্তার করেছে শাসন থানার পুলিস। মঙ্গলবার তাকে বারাসত আদালতে তোলা হলে পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তাকে জেরা করে সন্তানকে খুনের সম্ভাব্য কারণ জানতে চাইছে পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মিতার শ্বশুরবাড়ি হুগলির ভদ্রেশ্বরে। প্রেম করে তার বিয়ে হয়েছিল ভদ্রেশ্বরের অভিজিৎ হালদারের সঙ্গে। তাদের ছেলের বয়স ২ বছর ৪ মাস। এরমধ্যেই ফেসবুকের মাধ্যমে মিতার সঙ্গে আলাপ হয় শাসনের এক যুবকের। সেই আলাপ পরবর্তীকালে প্রেমে পরিণত হয়। বিবাহ বহির্ভূত প্রেমের টানেই মিতা ঘর ছেড়ে দু’সপ্তাহ আগে প্রেমিকের সঙ্গে চলে আসে শাসনের তেহাট্টায়। সোমবার সকালে মিতা প্রতিবেশীদের জানায়, তার ছেলে বাড়ির পাশের একটি জলাশয়ে পড়ে গিয়ে মারা গিয়েছে। বিষয়টি জানার পরেই মৃত শিশুর বাবা ভদ্রেশ্বর থেকে এসে সন্ধ্যায় স্ত্রীর নামে শাসন থানায় খুনের অভিযোগ দায়ের করেন। অভিজিতের দাবি, ছেলেকে পুকুরের জলে ফেলে দিয়ে মিতা খুন করেছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে অভিযুক্ত মিতাকে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিস জানিয়েছে, কী কারণে ছেলেকে খুন করল সে, তা জানার চেষ্টা করা চলছে। এর পিছনে বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে। হয়তো পরকীয়া সম্পর্ককে টিকিয়ে রাখতেই সন্তানকে খুন করেছে মা। এই ঘটনায় মিতার প্রেমিকের যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ওই মহিলার প্রেমিককে একপ্রস্ত জেরা করেছে শাসন থানার পুলিস।