নিজস্ব প্রতিনিধি, মালদহ: ঢেলে সাজছে মালদহের স্বাস্থ্য ব্যবস্থা। মালদহ মেডিকেলের উপর চাপ কমাতে উন্নত করা হচ্ছে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো। সেইসঙ্গে প্রসূতি ও শিশুমৃত্যুর হার কমাতে মানিকচকে তৈরি হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড হাব। পুরাতন মালদহে সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়ার কথা। এছাড়াও বামনগোলা, হবিবপুর, রতুয়া ও হরিশ্চন্দ্রপুর হাসপাতালের পরিকাঠামো বাড়ছে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি বলেন, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো বৃদ্ধিতে কাজ চলছে। সেগুলিতে সিজার সহ অন্য অপারেশন চালু হবে। সঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতালের প্রস্তাব রয়েছে। মানিকচকে মাদার অ্যান্ড চাইল্ড হাবের প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষ।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে মানিকচকে যে মাদার অ্যান্ড চাইল্ড হাব হচ্ছে, সেটি ৪০ বেডের হবে। করোনার সময় সেখানে ২০টি বেড পাতা হয়েছিল। নতুন করে ২০টি বেড বসবে। এছাড়াও বর্তমানে ৩০টি বেড রয়েছে। ফলে সবমিলিয়ে ৭০টি বেড হবে। সিজারের ব্যবস্থা থাকবে।
গাজোলে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের প্রথম পর্যায়ের কাজ শেষ। এখন প্রায় তিন কোটি টাকায় দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। মডিওলার লেবার রুম হচ্ছে। বসবে ডিজিটাল এক্স রে।
বুলবুলচণ্ডীতে হবিবপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নতুন আউটডোর বিল্ডিং হবে। তৈরি হবে দশ বেডের অবজারভেশন ওয়ার্ড। প্রায় ৫০ কোটি টাকা খরচে বামনগোলা হাসপাতালের উন্নয়ন হতে চলেছে। তিনতলা নতুন বিল্ডিং হবে। র্যাম্প, লিফ্ট হবে। চালু হবে ওটি। সিজার হবে।
রতুয়া-১ ব্লকে স্বাস্থ্যকেন্দ্রের সংস্কারের পাশাপাশি সেখানে বেড বাড়বে। রতুয়া-২ ব্লকে আড়াইডাঙা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের কোয়ার্টার সংস্কার হবে। হরিশ্চন্দ্রপুর হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে খরচ ধরা হয়েছে প্রায় চার কোটি টাকা। সেখানে নিয়মিত সিজারের পাশাপাশি অর্থোপেডিক ও সার্জারি ওটি হবে।
পুরাতন মালদহে মৌলপুর গ্রামীণ হাসপাতালের ক্যাম্পাসে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির প্রস্তাব রয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে ৪২ কোটি টাকা। এছাড়াও ইংলিশবাজার শহরে প্রায় ১৪ কোটি ব্যয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস তৈরি হওয়ার কথা।



