নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রেমিককে সঙ্গে নিয়ে চারবছরের শিশুসন্তানকে বেধড়ক মারধর করে মা। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় একরত্তির। সাত বছর ধরে মামলা চলার পর সেই নৃশংস ঘটনায় শিশুটির মা ও তার প্রেমিককে ১০ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দিল বারাসত আদালত। শুক্রবার এই সাজা ঘোষণা করেছেন বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে, টুম্পা সর্দার ও তার প্রেমিক জাহাঙ্গির মল্লিক ওরফে লালবাবুকে দোষী সাব্যস্ত করে এই সাজা দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, দত্তপুকুর থানা এলাকার একটি ইটভাটায় কাজ করত টুম্পা সর্দার। তার চার বছরের এক পুত্রসন্তান ছিল। সন্তান হওয়ার পর থেকেই স্বামীর সঙ্গে তার কোনও সম্পর্ক ছিল না। ইটভাটারই শ্রমিক জাহাঙ্গীরের সঙ্গে সম্পর্কে জড়ায় টুম্পা। সন্তানকে নিয়ে টুম্পা ওই ইটভাটা চত্বরেই টালির ঘরে থাকত জাহাঙ্গিরের সঙ্গে। ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি টুম্পা ও জাহাঙ্গীর শিশুটিকে বেধড়ক মারধর করে। ইটভাটার অন্যান্য লোকজন এসে শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগের ভিত্তিতে টুম্পা ও জাহাঙ্গিরকে গ্রেপ্তার করে দত্তপুকুর থানা। মামলা চলে বারাসত আদালতের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা কোর্টে। অবশেষে টুম্পা সর্দার ও তার প্রেমিক জাহাঙ্গিরকে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। মামলার সরকারি আইনজীবী শ্যামলকান্তি দত্ত বলেন, ‘পুলিস ধৃতদের বিরুদ্ধে খুন , ষড়যন্ত্রের মামলা রুজু করে। কিন্তু শিশুকে মারধরের কোনও সাক্ষী না থাকায় ৩০৪ ধারায় দোষী সাব্যস্ত করে দুই অভিযুক্তকে ১০ বছর কারাবাসের নির্দেশ দিয়েছেন বিচারক। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে তাদের।’