সংবাদদাতা, বসিরহাট: ধারাবাহিক বৃষ্টির ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে বসিরহাট মহকুমার শহরাঞ্চল। এই মহকুমায় তিনটি পুরসভা থাকলেও জনপ্রতিনিধিদের দেখা নেই। নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ তাঁরা। বাদুড়িয়া, বসিরহাট ও টাকি পুরসভার অধিকাংশ ওয়ার্ড জলের তলায়। দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা সংস্কার না হওয়ায় রাস্তার জল ঘরে ঢুকে যাচ্ছে। কখনও কখনও সাপ, ব্যাঙ, পোকামাকড়ও ঢুকে পড়ছে ঘরে। জমা জল দীর্ঘদিন দাঁড়িয়ে থাকায় বের হচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশার উপদ্রব।
প্রসঙ্গত এক বছরেরও বেশি সময় ধরে অভিভাবকহীন অবস্থায় রয়েছে বসিরহাট পুরসভা। প্রশাসকের তত্ত্বাবধানে চলছে কাজ। অন্যদিকে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব সামলাচ্ছেন ভাইস চেয়ারম্যান। একমাত্র টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় এখনও পদে রয়েছেন। কিন্তু এলাকারবাসীর সিংহভাগের অভিযোগ, কাউন্সিলারদের দিক থেকে বিন্দুমাত্র সহযোগিতা পাচ্ছি না। আগে বর্ষার সময় পুরসভার তরফে ব্লিচিং পাউডার ও মশারি বিতরণ করা হতো। কখনও কখনও মশা মারার তেল স্প্রে করা হতো, এবার সেসব উঠে গিয়েছে।
বাদুড়িয়ার বাসিন্দা অভিজিৎ মন্ডল বলেন, জনপ্রতিনিধিদের অধিকাংশই ফোন ধরেন না। পরিষেবা দেন না। তাঁরা যদি কাজই না করেন, তাহলে ভোটে দাঁড়িয়েছিলেন কেন? বসিরহাট ও টাকি পুরসভার একাধিক ওয়ার্ডে এখন হাঁটু সমান জল জমে রয়েছে। সেখানকার এক প্রবীণ নাগরিক বলেন, রাস্তা খারাপ, তার উপরে জল জমায় কোথায় কতটা গর্ত, বোঝা যায় না। ফলে আতঙ্কে রয়েছি। কখন যে কার হাত-পা ভাঙবে কেউ জানে না। বিদ্যুতের খুঁটি থেকেও মাঝেমধ্যে বিপজ্জনকভাবে তার ঝোলে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে কোনো সময়ে মৃত্যু হতে পারে কারও।
এ বিষয়ে বিজেপি নেতা পলাশ সরকার বলেন, গত ১৫ বছর বা তার বেশি সময় ধরে তৃণমূল পরিচালিত পুরসভাগুলির চেয়ারম্যান ও কাউন্সিলাররা উন্নয়নের নামে লুট করেছেন। কখনও কখনও তার সীমা ছাড়িয়েছে। যে কারণে এখন ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। বিগত দিনে কাউন্সিলাররা নিকাশি ব্যবস্থা সংস্কার করেননি। তার উপর অবৈধভাবে ভরাট করেছেন জলাশয় ও পুকুর। প্রভাব খাটিয়ে অনেক জায়গাতেই জমির চরিত্র বদলে ফেলেছেন তাঁরা। বিদ্যুৎ বণ্টন সংস্থার দায়িত্বে যে আধিকারিক আছেন, তাঁকে অনুরোধ করব, যেখানে মানুষের জীবনের ঝুঁকি রয়েছে, সেখানে লাইটপোস্ট ও বিদ্যুতের তার পরীক্ষা করা হোক এবং প্রয়োজনে বদল হোক। নিজস্ব চিত্র