Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তারকা এনে উদ্বোধন নয়, দুর্গতদের ত্রাণ দিতে পাশে অধিকাংশ ক্লাবই

তারকাখচিত উদ্বোধন বাতিল করে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে ধূপগুড়ির বিগ বাজেটের সিংহভাগ কালীপুজো কমিটি।

তারকা এনে উদ্বোধন নয়, দুর্গতদের ত্রাণ দিতে পাশে অধিকাংশ ক্লাবই
  • ১৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ধূপগুড়ি: তারকাখচিত উদ্বোধন বাতিল করে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে ধূপগুড়ির বিগ বাজেটের সিংহভাগ কালীপুজো কমিটি। ধূপগুড়ির কালীপুজো উত্তরবঙ্গের মধ্যে অন্যতম। মণ্ডপ থেকে প্রতিমা, আলোকসজ্জায় দর্শনার্থীদের নজরকাড়তে প্রতিটি ক্ষেত্রে তারকাদের নিয়ে এসে উদ্বোধন করার প্রতিযোগিতা হয় ক্লাবগুলির মধ্যে। কিন্তু এবছর দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতে। বাড়িঘর হারিয়ে অনেকের ঠাঁই নিয়েছেন ত্রাণ শিবিরে। তাই এবছর আর তারকাদের এনে প্রতিযোগিতায় নামছে না ধূপগুড়ির অধিকাংশ বিগ বাজেটের ক্লাব। বরঞ্চ তারকাদের নিয়ে এসে উদ্বোধন করার টাকা বাঁচিয়ে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে তারা। ক্লাবগুলির এই চিন্তাভাবনাকে অবশ্য স্বাগত জানিয়েছে ধূপগুড়িবাসী। যদিও এর মাঝেও তারকাদের নিয়ে এসে উদ্বোধন করার পুরনো ঐতিহ্য ধরে রেখেছে ধূপগুড়ির দু’টি ক্লাব। ধূপগুড়ির এসটিএস ক্লাবের এ বছরের ৫৫ তম বর্ষের কালীপুজো। থিম মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দির। কাল, শনিবার পুজো মণ্ডপের উদ্বোধন করবেন অভিনেত্রী ঋত্বিকা সেন। একেই দিনে শান্তি সংঘের শ্যামাপুজোর উদ্বোধন করবেন অভিনেতা বনি সেনগুপ্ত। এসটিএস ক্লাবের সম্পাদক রাজেশকুমার সিং বলেন, দুর্গতদের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী কিছু করার চিন্তা ভাবনা রয়েছে। তবে তারকাদের নিয়ে এসে পুজো উদ্বোধন করার বিষয়টি আমাদের আগেই ঠিক হয়েছিল। ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সুশীল বৈদ্য বলেন, এসটিএস ক্লাব নীরবে মানুষের পাশে দাঁড়ায়। ধূপগুড়ির সুহৃদ সংঘ পাঠাগারের এ বছর ৩৭ তম বর্ষে পুজোর থিম ইন্দ্রপুরী। কিন্তু প্রতিবছর তারকাদের নিয়ে আসলেও এ বছর সেই টাকায় দুর্যোগে নিরাশ্রয়দের পাশে দাঁড়াচ্ছে তারা। ক্লাব সম্পাদক বাপি দাস বলেন, আমাদের এখানকার দুর্যোগের সময় কয়েকজন নেতানেত্রী বাদে বাকিরা তাঁদের পাশে দাঁড়াননি। যে কয়েকজন দাঁড়িয়েছে তাও কয়েকদিন পর। তাই আমরা তারকাদের না এনে সেই টাকা দুর্গতদের জন্য খরচ করব। একই কথা বিধান সংঘের ক্লাব সভাপতি গৌতম বসাকের। তিনি বলেন, এ বছর আমাদের পুজোর থিম প্লেন ক্রাশ। প্রতিবছর তারকাদের পিছু ছুটলেও এবার সিদ্ধান্তই নিয়েছি তারকা এনে উদ্বোধন নয়। সেই টাকা দিয়ে আমরা আমাদের এলাকার দুর্গত ভাইবোনদের পাশে দাঁড়াব। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ