Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিকাঠামো সমস্যায় জর্জরিত বেশিরভাগ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পদক্ষেপের আশ্বাস দপ্তরের

গোটা রাজ্যেই বেহাল হয়ে পড়েছে সিংহভাগ অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কোথাও শৌচালয় নেই, কোথাও আবার রয়েছে পানীয় জলের সমস্যা।

পরিকাঠামো সমস্যায় জর্জরিত বেশিরভাগ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পদক্ষেপের আশ্বাস দপ্তরের
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গোটা রাজ্যেই বেহাল হয়ে পড়েছে সিংহভাগ অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কোথাও শৌচালয় নেই, কোথাও আবার রয়েছে পানীয় জলের সমস্যা। এমন অনেক অঙ্গনওয়াড়ি আছে, যেখানে বিদ্যুৎ সংযোগ নেই। দিনের পর দিন এভাবেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। এইসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো ঠিক করতে নানা পদক্ষেপ করা হচ্ছে বলে দাবি করেছে নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর।

Advertisement

কয়েক সপ্তাহ আগে প্রতিটি জেলার আধিকারিকদের সঙ্গে অঙ্গনওয়াড়ির হাল-হকিকত, পরিকাঠামো নিয়ে বৈঠক করে দপ্তর। সেখানে কতগুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচালয়, পানীয় জল, বিদ্যুৎ নেই, তা নিয়ে বিশদে আলোচনা হয়। এর মধ্যে সব থেকে বেশি আলোচিত হয়েছে বিদ্যুৎ নিয়ে। কারণ এমন কেন্দ্রের সংখ্যাই বেশি। এছাড়াও পানীয় জল ও শৌচালয়ের সমস্যা নিয়েও কথা হয়েছে। বেশিরভাগ 
সময় দেখা যায়, অঙ্গনওয়াড়ি কর্মীরা পড়ুয়াদের জন্য বাইরে থেকে পানীয় জল নিয়ে আসছেন। কেন্দ্রে বাথরুম না থাকায় শিশুদের হয় পাশের বাড়ির শৌচালয় ব্যবহার করতে হয়, কিংবা খোলা আকাশের নীচেই সারতে হয় বাচ্চাদের। এইসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মানোন্নয়নের জন্য সরকারের কাছে আবেদন করেছেন অভিভাবকরা। দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শশী পাঁজা এ প্রসঙ্গে বলেন, যেখানে খামতি আছে, তা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী দিনে ধাপে ধাপে উন্নয়ন হবে সেন্টারগুলির। ভাড়া বাড়িতে চলা কেন্দ্রগুলিকে সরকারি জায়গায় স্থানান্তরের চেষ্টা চলছে।
এদিকে, বিদ্যুতের সমস্যা মেটাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা করেছে দপ্তর। নিজস্ব বাড়ি রয়েছে অথচ বিদ্যুৎ সংযোগ নেই, এমন প্রায় ছ’হাজারের মতো কেন্দ্র রয়েছে। সরকার চাইছে, এই কেন্দ্রগুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে সৌরবিদ্যুতের প্যানেল বসাতে। ইতিমধ্যেই জেলাগুলি থেকে এ নিয়ে রিপোর্ট তলব করেছে দপ্তর। পাশাপাশি সুন্দরবন এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির প্রতি বিশেষ গুরুত্ব দিতেও বলা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ