নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা বিমানবন্দরের ভিতরের মসজিদ (গৌরীপুর জামে মসজিদ বা বাঁকড়া মসজিদ) আপাতত বন্ধই থাকবে। ওই মসজিদে নামাজ পড়া বন্ধ করেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। যা নিয়ে জল গড়িয়েছিল হাইকোর্ট। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের সেই পদক্ষেপের বিরুদ্ধে এখনই কোনো নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ জানিয়েছে, ওই মসজিদের ভিতরে নামাজ পড়া বন্ধ রয়েছে। শুনানি শেষ না-হওয়া পর্যন্ত এখনই আদালত কোনো অন্তর্বর্তী নির্দেশ দেবে না। আগামী ৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। এদিকে এদিন মামলার শুনানিতে বিমানবন্দরের নিরাপত্তা প্রসঙ্গ উঠতেই বিচারপতি রাও বুধবার ‘ফ্লাইদুবাই’য়ের বিমানে পাইলটের উপর সহকারী পাইলটের হামলার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘গতকালের ঘটনা থেকে স্পষ্ট, কোথাও নিরাপত্তা নিশ্চিত নয়। ওই ঘটনা কেউ কল্পনা করতে পেরেছিলেন!’ এরপরই আদালত জানায়, এখনই কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়া যাবে না।



