মেক্সিকো, ৩০ জুন: চলতি বিশ্বকাপের রাউন্ড অফ ৩২ যেন অঘটনের ঘনঘটায় ভরা। শেষ আটের আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল বিশ্ব ফুটবলের দুই সুপার জায়েন্ট। জার্মানি এবং নেদারল্যান্ডস। আর তাঁদের বিজয় ঘণ্টা বাজিয়ে নকআউটে পৌঁছে গেল ধারেভারে বেশ কিছুটা পিছিয়ে থাকা মরক্কো ও প্যারাগুয়ে। চার বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গোটা ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল মরক্কো। সেই আত্মবিশ্বাস নিয়েই এবারে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন হাকিমিরা। প্রত্যাশামাফিক শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। মোট ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, আর সেখানেই লড়াইয়ে জিতে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করল মরক্কো।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ছিল আফ্রিকার প্রতিনিধিদের পায়ে। মাঝমাঠে দাপট, দ্রুত পাসিং এবং ধারাবাহিক আক্রমণে নেদারল্যান্ডসকে দীর্ঘ সময় চাপে রাখে মরক্কো। তবে আক্রমণ গড়ে তুললেও গোলের সামনে গিয়ে বারবার ব্যর্থ হন তারা। বিরতির পরও একই ছবি। ব্রাহিম দিয়াজদের নেতৃত্বে একের পর এক আক্রমণ শানালেও শেষ মুহূর্তে ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা মিলছিল না। সেই সুযোগ কাজে লাগিয়ে ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে নেদারল্যান্ডস। ৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় ডাচরা। হঠাৎ করেই ম্যাচের নিয়ন্ত্রণ যেন বদলে যায়। তবে মরক্কো হাল ছাড়েনি। ৮৮ মিনিটে মাঠে নামা তালবি অল্প সময়ের মধ্যেই আক্রমণে গতি এনে দেন। ৯১ মিনিটের মাথায় তাঁর তৈরি সুযোগ থেকেই সমতাসূচক গোল আদায় করে মরক্কোর দিওপ। এক্সট্রা টাইমেও দুই দলই জয়ের জন্য মরিয়া ছিল। মরক্কো বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ১-১ গোলে ম্যাচ ড্র-তে এসে দাঁড়ায়। নেদারল্যান্ডসও পালটা আক্রমণে চাপ সৃষ্টি করলেও ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য অপেক্ষা করতে হয় টাইব্রেকার পর্যন্ত। টাইব্রেকারে আবারও হতাশার সঙ্গী হয় নেদারল্যান্ডস। গুরুত্বপূর্ণ মুহূর্তে একের পর এক শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় চাপে পড়ে যায় কমলা ব্রিগেড। শেষ পর্যন্ত ম্যাচের অন্যতম ফুটবলার ইসমাইল সাইবারিই দায়িত্ব নিয়ে জয়ের শটটি জালে জড়িয়ে দেন। টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩–২ ব্যবধানে হারাল মরক্কো। এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল মরক্কো। কঠিন লড়াইয়ের পর বিদায় নিতে হল নেদারল্যান্ডসকে, আর মরক্কো আবারও প্রমাণ করল বড় মঞ্চে তারা যে কোনও শক্তিশালী প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ।
এই ম্যাচের আগে বস্টন স্টেডিয়ামে ঘটে গেল চলতি বিশ্বকাপের সবথেকে বড় অঘটন। টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে ছিটকে গেল জার্মানি। ম্যাচের নির্ধারিত সময়ের ৪২ মিনিটে জার্মান প্রচীরে ভাঙন ধরান প্যারাগুয়ের জুলিও। জবাবে ৫৪ মিনিটে সমতা ফেরান কায় হাভর্টজ। গোটা ম্যাচে জার্মানদের আধিপত্য থাকলেও প্যারাগুয়ের গোল মুখ খুলতে পারেননি জার্মানরা। এবার টাইব্রেকারে ৪-৩ গোলে জার্মানদের হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেল প্যারাগুয়ে।