ইসলামপাড়া হল্টে থামবে আরও বেশি ট্রেন
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাঁশবেড়িয়ার ইসলামপাড়া হল্ট স্টেশনে আরও ট্রেনের স্টপেজ দেওয়ার প্রক্রিয়া শুরু হল। আগেই রেলকর্তারা ওই মর্মে ঘোষণা করেছিলেন। শনিবার একাধিক ট্রেন নতুন করে ইসলামপাড়া হল্ট স্টেশনে দাঁড়াতে শুরু করে। সেই দৃশ্য দেখতে বহু মানুষ এদিন স্টেশনে ভিড় করেছিলেন। তাঁদের মধ্যেই কিছু উৎসাহী মানুষ নতুন ট্রেনের গার্ড ও চালকদের মিষ্টিমুখও করান। এদিন নতুন নতুন ট্রেনের স্টপেজ চালু হওয়ার কৃতিত্ব দাবি করতে স্থানীয় একাংশের বিজেপি নেতাকর্মীরাও ইসলামপাড়া হল্ট স্টেশনে গিয়েছিলেন। তাঁরা স্থানীয় পরিকাঠামো উন্নয়ন নিয়ে রেলমন্ত্রীর কাছে দরবার করবেন বলে দাবি করেন। প্রসঙ্গত, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিতে বাঁশবেড়িয়ার ইসলামপাড়া হল্ট স্টেশনটি তৈরি হয়েছিল। ওই প্রকল্প চালুর পিছনে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর হাত ছিল। কিন্তু হল্ট স্টেশন হলেও মাত্র তিনজোড়া ট্রেন ওই স্টেশনে দাঁড়াত। সম্প্রতি রেল কর্তৃপক্ষ ১১ জোড়া ট্রেনকে স্টেশনটিতে দাঁড় করানোর কথা ঘোষণা করেছে।

Advertisement