পুজোর আগেই ফের বৃষ্টির সম্ভাবনা
  • ১৩ অক্টোবর, ২০২৬ ০৮:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের নিম্নচাপের সম্ভাবনা পুজোয়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। আজ মঙ্গলবার এই নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। তবে নিম্নচাপ তৈরি হলেও তার অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement

বাংলার অধিকাংশ এলাকা থেকে বর্ষা বিদায় নিয়েছে। তবে, বৃষ্টি এখনই পুরোপুরি পিছু ছাড়ছে না জানিয়ে দিল আবহাওয়া দপ্তর।  আজ, মঙ্গলবার শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। বুধবার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। তার জেরে বুধবার বিকেলের পর কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বৃহস্পতিবার থেকে শনিবার মূলত মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। রবিবারেও উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার থেকে আবার শুষ্ক আবহাওয়া। তারপর থেকে তাপমাত্রা ক্রমশ কমার সম্ভাবনা। 

অন্যদিকে উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার এবং শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা তৈরি হতে পারে উপরের দিকের জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে।