নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৫-২৬ আর্থিক বছরে সারা দেশে দেড় কোটিরও বেশি উজ্জ্বলা গ্রাহক গ্যাস রিফিল করাননি। অন্যদিকে, মাত্র একবার রিফিল করিয়েছেন এক কোটিরও বেশি গ্রাহক। উজ্জ্বলার গ্রাহক নন, এমন ক্ষেত্রেও গ্যাস রিফিল না করানোর সংখ্যা সারা দেশে এক কোটির বেশি। সবমিলিয়ে ধরলে সংখ্যাটি ৩ কোটি পার করবে। সম্প্রতি এক আরটিআই জবাবে এমনই চাঞ্চল্যকর জবাব দিয়েছে কেন্দ্র। আর এহেন কেন্দ্রীয় পরিসংখ্যানে রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে খোদ মোদি সরকার। যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের জেরেই কি এমন ঘটেছে? আপাতত এপ্রশ্নই বড়ো হয়ে উঠছে সরকারের অন্দরে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, এর কারণ খতিয়ে দেখবে পেট্রলিয়াম মন্ত্রক। বিষয়টি জানতে তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) আবেদন করেছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা সমাজকর্মী চন্দ্রশেখর গৌড়। তারই প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার যে জবাব দিয়েছে, তা চমকে ওঠার মতোই। আরটিআইয়ের জবাবে মোদি সরকার অবশ্য ২০২৫-২৬ আর্থিক বছরের নিরিখে আলাদাভাবে হিন্দুস্তান পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড, ভারত পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পরিসংখ্যান প্রকাশ করেছে। সবক’টি সংস্থার এসংক্রান্ত যে ছবি আরটিআই জবাবে উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে, ওই অর্থবর্ষে সারা দেশের ১ কোটি ৬৭ লক্ষ উজ্জ্বলা গ্রাহক গ্যাস রিফিল করাননি। একবার রিফিল করিয়েছেন সারা দেশের ১ কোটি ১২ লক্ষ উজ্জ্বলা গ্রাহক। উজ্জ্বলার গ্রাহক নন, এমন ১ কোটি ৬৩ লক্ষ মানুষ গ্যাস রিফিল করাননি। একবার মাত্র করিয়েছেন ১ কোটি ১৩ লক্ষ মানুষ। অর্থাৎ, উজ্জ্বলা এবং উজ্জ্বলা নন - দেশের এমন মোট ৩ কোটি ৩০ লক্ষ মানুষ ২০২৫-২৬ আর্থিক বছরে গ্যাস রিফিলই করাননি। একবার করিয়েছেন মোট ২ কোটি ২৬ লক্ষ মানুষ। এবিষয় নিয়েই রীতিমতো চর্চা শুরু হয়েছে। এমনই জানানো হয়েছে সরকারি সূত্রে।