নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে মালদহ, মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল। এর প্রভাব পড়ছে পার্শ্ববর্তী জেলাগুলির উপরেও। বাড়ি, জমি খুইয়ে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এই অবস্থায় রাজ্য সরকার সর্বতোভাবে দুর্গত মানুষের পাশে থাকলেও ভাঙন প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রের মোদি সরকার সম্পূর্ণ উদাসীন বলে সরব হলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। তাঁর বক্তব্য, ‘মালদহ ও মুর্শিদাবাদ মিলিয়ে ২৫ হাজার বিঘার বেশি জমি জলের তলায় চলে গিয়েছে। তারপরেও কেন্দ্রীয় সরকার কালো চশমা পরে বসে আছে। আর্থিক সহযোগিতা না করে বাংলার গলা টিপে ধরছে কেন্দ্র।’ প্রসঙ্গত, মালদহ, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় গঙ্গার ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করে একটি রিপোর্ট জমা দিয়েছে বিধানসভার সেচ, জলপথ এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি। এই কমিটির চেয়ারম্যান বিধায়ক সমীরকুমার জানা রিপোর্টে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন, তিন জেলায় নদী ভাঙনের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। সেই রিপোর্ট নিয়ে বুধবার বিধানসভার অধিবেশনে আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রের সমালোচনায় মুখর হন সেচমন্ত্রী। ভাঙন কবলিত এলাকার মানুষের জীবন নিয়ে কেন্দ্র ছিনিমিনি খেলছে বলে অভিযোগ করেন তিনি। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘আমরা কেন্দ্রের কাছে জানতে চাই, বাংলা কি ভারত থেকে বিচ্ছিন্ন?’



