নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: সরকারি নিয়মের তোয়াক্কা না করা অনুমোদনহীন ২০০টিরও বেশি বেসরকারি প্রাইমারি ও হাইস্কুলকে শোকজে’র চিঠি ধরালো উত্তর দিনাজপুর জেলা স্কুল পরিদর্শকের দপ্তর। এরমধ্যে মাধ্যমিক স্কুল পরিদর্শকের দপ্তর পঞ্চাশের বেশি বেসরকারি হাইস্কুলকে ও প্রাইমারি স্কুল পরিদর্শকের দপ্তর পৃথকভাবে দেড়শোর বেশি প্রাইমারি স্কুলকে শোকজ করেছে। এবার নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি সেই শোকজের উত্তর দিতে না পারলে জেলার ওই বেসরকারি স্কুল কর্তৃপক্ষগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে শিক্ষা দপ্তর। দিতে হতে পারে মোটা অঙ্কের আর্থিক জরিমানা। যদিও একে একে শোকজ চিঠির উত্তর স্কুল পরিদর্শকের দপ্তরে পাঠাচ্ছে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ। সম্প্রতি সরকারি নির্দেশে উত্তর দিনাজপুর জেলার প্রত্যেক ব্লকে প্রাইমারি, হাইস্কুলগুলির ব্যাপারে সমীক্ষা ও তথ্য অনুসন্ধানের কাজ শুরু হয়। তাতেই সরকারি অনুমোদনহীন জেলায় ২০০টিরও বেশি বেসরকারি হাই ও প্রাথমিক স্কুলের হদিশ মেলে। জেলার স্কুল পরিদর্শক (মাধ্যমিক) দেবাশিষ সমাদ্দার বলেন, রাজ্যে পালাবদলের পর সমীক্ষা করে উত্তর দিনাজপুর জেলায় অনুমোদনহীন পঞ্চাশের বেশি বেসরকারি হাইস্কুলকে চিহ্নিত করা হয়। ধরানো হয়েছে শোকজ চিঠি। যেগুলি ইতিমধ্যে স্কুলের জমির তথ্য, স্কুলের তথ্য সহ বিভিন্ন নথি আমাদের দপ্তরে জমা করা শুরু করেছে। সেই স্কুলগুলির তথ্য আমরা রাজ্যে শিক্ষা দপ্তরে তথ্য পাঠাব। এরপর বিবেচনার ভিত্তিতে স্কুলগুলিকে সরকারি অনুমোদন দেওয়া হতে পারে।



