সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: হেমন্ত শেষে শীতের উঁকিঝুঁকি। বৃহস্পতিবার সকালে মিঠেকড়া রোদ গায়ে মেখে ডার্বির মহড়ায় ব্যস্ত মোহন বাগান। যুবভারতীর অনুশীলন মাঠে যুদ্ধকালীন তৎপরতায় চলছে সিচুয়েশন প্র্যাকটিস। সুহেল ভাটের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে মিগুয়েল শট নেওয়ার মুহূর্তে আলবার্তোর নিখুঁত ট্যাকল। বল বিপদসীমার বাইরে। ব্রাজিলিয়ান মিডিওর মতো ছাংতেও বিপক্ষ বক্স কাঁপানোর চেষ্টা করলেন। কিন্তু মিজো উইঙ্গারের সব প্রচেষ্টা শেষ সেই আলবার্তোতেই। দুই উইং থেকে ক্রমাগত ভেসে আসা ক্রসও হেডে নির্বিষ করলেন বাগান সমর্থকদের প্রিয় ‘মনস্টার’। পাশাপাশি বাকি ডিফেন্ডারদের নেতৃত্ব দিতে দেখা গেল তাঁকে। পালতোলা নৌকার সমর্থকরা জানেন, রবিবার আলবার্তো ছন্দে থাকলে বাগান দুর্গ ভাঙা কঠিন।
রক্ষণভাগে স্প্যানিশ ফুটবলারের সঙ্গে জুটি বাঁধতে তৈরি রাহুল ভেকে। মুখে কালো মাস্ক পরা ভারতীয় ডিফেন্ডারকেও এদিন অনুশীলনে চনমনে দেখাল। তবে রাইট উইং-ব্যাক অভিষেক টেকচামকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার যুবভারতীতে এলেও অনুশীলন করেননি তিনি। মাঠ ছাড়ার সময় নি-ক্যাপ দেখা গেল তাঁর বাঁ পায়ে। পাশাপাশি ড্রাজিচও ড্রেসিং-রুমে বসে কাটালেন। এই প্রসঙ্গে সবুজ-মেরুন কোচের মন্তব্য, ‘দু’জনকে নিয়ে চিন্তার কিছু নেই। ওরা টানা ম্যাচ খেলছে। তাই ঝুঁকি না নিয়ে টেকচাম ও ড্রাজিচকে বিশ্রাম দিয়েছি।’ এদিন মেহতাব সিংকে রাইট উইং-ব্যাকে রেখেই সিচুয়েশন প্র্যাকটিস সারেন পানোস। উল্লেখ্য, চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গত ম্যাচে ড্রাজিচকে নম্বর টেন হিসাবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু তিনি সেভাবে দাগ কাটতে পারেননি।
এদিন সকালে অনুশীলনের আগে ড্রেসিং-রুমে ফুটবলারদের নিয়ে দীর্ঘক্ষণ মিটিং সারেন মোহন বাগান কোচ। চলতি আইএসএলে টানা ৫টি ম্যাচ জিতলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি খুশি নন সমর্থকরা। গত ম্যাচে শেষ পর্বে চার্চিল ব্রাদার্স নাভিশ্বাস তুলে দিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডের। মিটিংয়ে ভুলত্রুটি শুধরে নেওয়ার কথা বলেন কোচ। এরপর মনবীররা নামেন অনুশীলনে। সিচুয়েশন প্র্যাকটিসে একাধিক প্লেয়ারকে ঝালিয়ে নিলেন কোচ। শুরুতে সিঙ্গল স্ট্রাইকার ম্যাকলারেনের সঙ্গে দুই উইংয়ে মনবীর ও লিস্টনকে রেখে আক্রমণ সাজানো হয়। পরে মনবীরের জায়গায় ছাংতে এবং মাঝমাঠে মিগুয়েলকে রেখেও চলল মহড়া। ডার্বিতে ব্রাজিলিয়ান মিডিও চেনা ছন্দে থাকলে ব্যবধান গড়ে দিতে পারেন। এদিন অনুশীলন শেষে তাঁর সঙ্গে আলাদা করে কথাও বলেন পানোস।



