নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কিছুদিন বিরতির পর শনিবার থেকে দেশে ফের বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। গোটা উত্তর ভারত, গুজরাত, মধ্যপ্রদেশ ছাড়াও ছত্তিশগড়, বিহার ও ঝাড়খণ্ডের কিছু অংশ থেকে বর্ষার বিদায় ঘোষণা করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশের একাংশ থেকে বর্ষা বিদায় নিয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের কোনো ইঙ্গিত এদিনও আবহাওয়া দপ্তর দেয়নি। আগামী ২-৩ দিনের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও কর্ণাটকের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে বলে জানানো হয়েছে। রাজ্য থেকে বর্ষা বিদায়ের স্বাভাবিক সময় ১০ অক্টোবরের আশপাশে। এটা দিন সাতেক এদিক-ওদিক হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। গোটা দেশ থেকে বর্ষা বিদায় নিতে ১৫ অক্টোবর হয়ে যায়। আপাতত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। বাতাসে জলীয় বাষ্প বেশি আছে। রোদ ওঠার জন্য ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে। তাই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কোথাও কোথাও বৃষ্টির মেঘ সৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হচ্ছে।



