নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী দু’-তিনদিনের মধ্যেই কেরল ও তামিলনাড়ুর কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা প্রবেশ করতে চলেছে। সোমবার জানিয়ে দিল বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে বঙ্গে বর্ষা কবে আসতে পারে সেই ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। উত্তরবঙ্গে বর্ষা সাধারণত দক্ষিণবঙ্গের দিনকয়েক দিন আগেই আসে। স্বাভাবিক সময় মোটামুটি ৫-৮ জুনের আশপাশে। দক্ষিণবঙ্গে স্বাভাবিক সময় ১০-১৫ জুন। এবার বর্ষা আন্দামান সাগরে নির্ধারিত সময়ের কিছু আগে এলেও পরবর্তীকালে অগ্রগতি মন্থর হয়ে যায়। কেরলে বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ১ জুন। সেটা এবার হল না।
আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, কেরলে বর্ষা আসার পর তার অগ্রগতি কেমন হচ্ছে তার উপরই নির্ভর করে পশ্চিমবঙ্গে বর্ষা আগমনের দিনক্ষণ। মৌসুমি বায়ুর একটা অংশ বঙ্গোপসাগর, মায়ানমার হয়ে উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করে। সেখান থেকে তা ঢুকে পড়ে উত্তরবঙ্গে। তবে অতীতে প্রায় একই সময়ে উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের দৃষ্টান্ত রয়েছে।
আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম। এজন্য এখানে তাপমাত্রা বাড়বে। আজ মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ হবে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। তারপরে তা মোটামুটি স্থিতিশীল থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে উপকূল লাগোয়া ও কাছাকাছি এলাকায় ভ্যাপসা গরমে জেরবার হতে হবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তারপর তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে, বিশেষ করে পাহাড় ও লাগোয়া এলাকায় ঝড়বৃষ্টি বাড়বে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। সোমবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় বেড়েছে। এটা ছিল যথাক্রমে ৩৫.৭ ও ২৮ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। বৃষ্টির ফলে কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কয়েকদিন যথাক্রমে ৩৩ ও ২৫ ডিগ্রির আশপাশে চলে এসেছিল। আবহাওয়ারবিদরা বলছেন, আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রা খুব বেশি বাড়বে না। কলকাতায় আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও ৩৬ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা বেশি। কিন্তু বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার ফলে গরমের কষ্ট অনুভূত হবে। পশ্চিমাঞ্চলেও আপাতত তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই।