Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চলতি সপ্তাহেই বর্ষার প্রবেশ আন্দামানে, বঙ্গে আপাতত কেবল বজ্রমেঘের ঝড়বৃষ্টি

চলতি সপ্তাহের শেষদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা মরশুম—দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগরের কিছু অংশে প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

চলতি সপ্তাহেই বর্ষার প্রবেশ আন্দামানে,  বঙ্গে আপাতত কেবল বজ্রমেঘের ঝড়বৃষ্টি
  • ১৩ মে, ২০২৬ ০৯:১৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি সপ্তাহের শেষদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা মরশুম—দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগরের কিছু অংশে প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর মঙ্গলবার একথা জানিয়েছে। সাধারণত মে মাসের দ্বিতীয়ার্ধে বা শেষ সপ্তাহ নাগাদ আন্দামান সাগরে বর্ষা চলে আসে। এবার স্বাভাবিক সময়ের কয়েকদিন আগেই সেটা হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হলে তার ধাক্কায় আন্দামান সাগর ও লাগোয়া এলাকায় বর্ষা কিছুটা আগে সক্রিয় হতে পারে। এই নিম্নচাপটি ইতিমধ্যে তৈরি হয়েছে। এটি শক্তিবৃদ্ধি করলেও ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তর দেয়নি। আলিপুর আবহাওয়া দপ্তর এদিন জানিয়ে দিয়েছে, এই নিম্নচাপটির সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তামিলনাড়ু, পুদুচেরি, কেরলম ও কর্ণাটকের কিছু অংশে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এদিকে বর্ষার আগমন এগিয়ে এলেও দেশের কিছু অংশে তাপপ্রবাহ চলছে। রাজস্থানের বারমের এলাকায় ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। পশ্চিম রাজস্থান ছাড়াও গুজরাতের কিছু অংশে তীব্র তাপপ্রবাহ চলছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দেশের মূল ভূখণ্ডে বর্ষা কবে ঢুকবে সেই ব্যাপারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এখনো কিছু জানায়নি। আবহাওয়াবিদরা বলছেন, বর্ষার অগ্রগতি বায়ুমণ্ডলের বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। কেরলম উপকূল দিয়ে দেশের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ১ জুন। এটা অনেকসময় পালটে যায়। মে মাসের শেষদিকে বা জুন মাসের প্রথম সপ্তাহে অনেকবারই কেরলমে বর্ষা এসেছে। দক্ষিণবঙ্গে বর্ষা আগমনের স্বাভাবিক দিন ৮-১০ জুন। উত্তরবঙ্গে তার কয়েকদিন আগে ৫-৬ জুন। এটাও অনেকসময় এদিক ওদিক হয়। অতীতে মে মাসের শেষেও উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছে। এবার বর্ষা মরশুমের মধ্যে এল নিনো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এটা বর্ষা আগমনের উপর প্রভাব ফেলবে না। বর্ষার বৃষ্টি এর জন্য দেশে কম হতে পারে। এই আশঙ্কার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর।

Advertisement

আপাতত রাজ্যে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি ও ঝড় হবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বৃষ্টির মাত্রা বেশি থাকবে উত্তরবঙ্গে, বিশেষ করে পাহাড় ও লাগোয়া এলাকায়। মঙ্গলবারও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রমেঘ সৃষ্টি হয়। তার মধ্যে কলকাতা লাগোয়া দুই ২৪ পরগনা এবং হুগলি জেলার কিছু অংশ ছিল। তবে কলকাতায় সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়নি। এদিন তাপমাত্রাও কিছুটা বেড়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

সম্পর্কিত সংবাদ