সংবাদদাতা, বালুরঘাট: ফের ফাঁকা বাড়িতে চুরি বালুরঘাট শহর সংলগ্ন রঘুনাথপুর এলাকায়। দুষ্কৃতীরা গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে সোনা, নগদ, মজুত চাল, বাসনপত্র নিয়ে পালিয়েছে। সোমবার সকালে বাড়ি এসে চুরির বিষয়টি নজরে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন গৃহকর্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিস। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শহর ও শহর সংলগ্ন এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। বারবার চুরির ঘটনায় পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এবিষয়ে ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ বলেন, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। শহর ও শহর সংলগ্ন এলাকায় পুলিসি নজরদারি বাড়ানো হয়েছে।
বালুরঘাটের রঘুনাথপুরের শিশিরকুমার শীলের বাড়ি। বাড়িতে বেশিরভাগ সময় তাঁর স্ত্রী ও মেয়ে থাকেন। গত শনিবার তাঁরা গ্রামের বাড়ি কুমারগঞ্জের দিওরে বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা হওয়ার খবর পেয়েই দুষ্কৃতীরা চুরি করে। স্থানীয়দের অনুমান, পাঁচিল টপকে দুষ্কৃতীরা ঘরের তালা ভেঙে চুরি করে। বাড়ির যাবতীয় মূল্যবান জিনিস যেমন সোনা, গয়না, কাঁসার বাসনপত্র, টাকা নিয়ে পালিয়েছে। চালের বস্তাও রাখেনি। গৃহকর্ত্রী ঝুমা শীল বলেন, আমরা বাড়িতে ছিলাম না। সেই সুযোগে চোরেরা বাড়িতে ঢুকে সমস্ত জিনিসপত্র নিয়ে পালিয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
দু’দিন আগে শহরের মঙ্গলপুরেও এক বাড়িতে একই কায়দায় চুরি হয়েছিল। ফাঁকা বাড়িতে ঢুকে আলমারি ভেঙে সোনা-গয়না, টাকা চুরি করে। মাস তিনেক আগে বালুরঘাট শহরের চকভৃগু এলাকাতেও পরপর তিনটি বাড়িতে চুরি যায়।