


সংবাদদাতা, দেওয়ানহাট: আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে নেওয়া হয়েছিল টাকা। কিন্তু ঘর মেলেনি। এই অভিযোগ তুলে সেই টাকা ফেরতের দাবিতে রবিবার দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না প্রধান কাকলি রায় বর্মন। অভিযোগ, এলাকায় বহু মানুষের কাছে আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে টাকা নিয়েছেন প্রধান। ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কাটমানি নিয়েছেন কাকলি। টাকা ফেরতের দাবিতে রবিবার সকালে কোচবিহারের-১ ব্লকের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান একাংশ বাসিন্দা। যদিও ওই বিক্ষোভের আঁচ পেয়ে আগেই তৃণমূলের ওই প্রধান বাড়ি ছেড়ে গা ঢাকা দেন। টাকা ফেরত না দিলে বাসিন্দারা বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ বর্মন, সুবল রায় বলেন, আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে আমাদের কাছে থেকে ১০-২০ হাজার টাকা নিয়েছেন প্রধান কাকলি রায় বর্মন। কিন্তু ঘর পাইনি। টাকা ফেরতের দাবিতে আমরা এদিন তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখাই। উনি আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যান। অবিলম্বে কাটমানির টাকা ফেরত দিতে হবে। না হলে প্রশাসনের কাছে অভিযোগ জানাব। যদিও অভিযুক্ত প্রধানের ফোন বন্ধ থাকায় এবিষয়ে তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠরা টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।