কলকাতার অন্যতম সেরা মোমো ডেস্টিনেশন ব্লু পপি থাকালি। এখানকার কর্ণধার শেফ ডোমা ওয়াং পরিচিত কলকাতার ‘মোমো কুইন’ নামে। তিনি দিলেন দুই ধরনের মোমোর রেসিপি, যা বানিয়ে নিতে পারবেন বাড়িতেই।
মাটন স্টিমড মোমো (২ জনের জন্য)
বাঙালির বিকেল বা সন্ধের টুকটাক খাবারে মোমো যেন সুপারহিরো! সস্তায় পেট ভরে, তাই অফিসপাড়ারও জনপ্রিয় খাবার এই মোমো। শীত এলে মোমোর কদর বেড়ে যায় গরম স্যুপের জন্য। আর ভিতরে যদি থাকে মাটন, তাহলে তো আর কথাই নেই!
উপকরণ: মাটন কিমা ১০০ গ্রাম, পেঁয়াজ কুচি ৩০ গ্রাম, আদা বাটা ১ টেবিল চামচ, নুন স্বাদমতো, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, ময়দা ৫০০ গ্রাম, ঠান্ডা জল পরিমাণমতো।
প্রণালী: একটি পাত্রে মাটন কিমা নিন। এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। মশলা যাতে মাটনের সঙ্গে ভালোভাবে মিশে যায়, সেদিকে খেয়াল রাখুন। এবার ময়দার সঙ্গে অল্প অল্প করে ঠান্ডা জল মিশিয়ে ভালো করে মেখে একটি মসৃণ ও নরম ডো তৈরি করুন। ডো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিন, যাতে ময়দা ভালোভাবে সেট হয়ে যায়। এরপর ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে নিন। প্রতিটি লেচি লুচির মতো পাতলা ও গোল করে বেলে নিন। এবার বেলে রাখা ময়দার মাঝখানে পরিমাণ মতো মাটনের পুর ভরে চারপাশ থেকে ভাঁজ করে মোমোর আকার দিন। সবকটি মোমো একইভাবে তৈরি করে নিন।
অন্যদিকে স্টিমারে জল বসিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। স্টিমারের পাত্রে সামান্য তেল মাখিয়ে মোমোগুলি পরপর সাজিয়ে দিন। এবার ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে প্রায় ১৫ মিনিট ভাপিয়ে নিন। মোমোর বাইরের আবরণ স্বচ্ছ ও চকচকে হয়ে এলে এবং মাটনের পুর ভালোভাবে সেদ্ধ হলে নামিয়ে নিন। গরম গরম মাটন মোমো পছন্দের ঝাল সস ও স্যুপের সঙ্গে পরিবেশন করুন।
চিকেন স্টিমড মোমো (২ জনের জন্য)
পাহাড়ি রাস্তার মোড় হোক বা শহরের ছোটোখাটো স্টল থেকে চীনে বা তিব্বতি রেস্তরাঁ, চিকেন স্টিমড মোমোর চাহিদা সবসময়ই তুঙ্গে! রইল মোমোর সেরা রেসিপি।
উপকরণ: চিকেন কিমা ১০০ গ্রাম, পেঁয়াজ কুচি ৩০ গ্রাম, আদা বাটা ১ টেবিল চামচ, নুন স্বাদমতো, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, ময়দা ৫০০ গ্রাম, ঠান্ডা জল পরিমাণ মতো।
প্রণালী: চিকেন কিমার সঙ্গে পেঁয়াজ কুচি, আদা বাটা, নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন। হাত দিয়ে ভালো করে মেখে পুরটি তৈরি করে কিছুক্ষণ রেখে দিন, যাতে সমস্ত উপকরণের স্বাদ চিকেনের মধ্যে মিশে যায়। এবার একটি বড়ো পাত্রে ময়দা নিয়ে অল্প অল্প করে ঠান্ডা জল ঢালুন। হাতের সাহায্যে মেখে বেশ মসৃণ ও টানটান একটি ডো তৈরি করুন। ডো-টি ভেজা কাপড় দিয়ে ঢেকে ২০ মিনিটের মতো রেখে দিন। এরপর ছোটো ছোটো অংশে ভাগ করে প্রতিটি অংশ পাতলা গোল করে বেলে নিন। খেয়াল রাখবেন, মাঝখানের তুলনায় ধারগুলি যেন একটু পাতলা হয়। এবার প্রতিটি বেলা লেচির মাঝখানে এক চামচ করে চিকেনের পুর রাখুন। চারপাশের অংশ আঙুলের সাহায্যে কুচি দিয়ে টেনে এনে মুখটি ভালোভাবে আটকে দিন। এভাবে সবক’টি মোমো তৈরি করে নিন। এবার স্টিমারের পাত্রে জল ফুটতে দিন। মোমোগুলি যাতে একে অপরের গায়ে লেগে না যায়, সেভাবে সাজিয়ে ঢাকনা বন্ধ করে দিন। মাঝারি আঁচে প্রায় ১৫ মিনিট ভাপিয়ে নিন। মোমোর বাইরের আবরণ নরম ও সামান্য স্বচ্ছ হয়ে এলে নামিয়ে নিন। চিকেনের পুর সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কি না, তা নিশ্চিত করে গরম গরম পরিবেশন করুন। সঙ্গে রাখতে পারেন স্যুপ ও টম্যাটো-লংকার ঝাল সস।



