নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্তোনিও লোপেজ হাবাস, হুয়ান ফেরান্দো থেকে হোসে মোলিনা। গত কয়েক বছর মোহন বাগানে স্প্যানিশ কোচেদের রমরমা। সাময়িক ব্যর্থতায় মোলিনা বিদায়ের পর হটসিটে এবার সের্গিও লোবেরা। ট্রফি কী আনতে পারবেন? রবসনদের স্প্যানিশ কোচ অবশ্য দারুণ আত্মবিশ্বাসী। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সাংবাদিক সম্মেলন করলেন লোবেরা। দুধসাদা টি-শার্টে মোহন বাগানের লোগো আঁকা। সযত্নে হাত বুলিয়ে লোবেরার হুঙ্কার, ‘শুধু ট্রফি নয়, জিততে চাই ডার্বিও।’ অল্প কয়েকদিনেই সমর্থকদের পালস বুঝে নিয়েছেন সবুজ-মেরুন সারথি। মর্যাদার মহারণ তাঁর কাছে ফুটবল যুদ্ধ। তাতে সমর্থকদের আবেগ জড়িয়ে। লোবেরার মন্তব্য, ‘অন্যতম সেরা নয়, মোহন বাগানই ভারতের সেরা দল। স্পেনে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাবের দ্বিতীয় স্থানে শেষ করা ব্যর্থতা। মোহন বাগানও তাই।’ এবার চোয়াল কঠিন তাঁর। ফুটবলের মক্কায় নিজেকে চেনাতে তৈরি তিনি। উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি আইএসএলের উদ্বোধনী ম্যাচে মোহন বাগানের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। চলতি সপ্তাহের শেষেই টিকিট বিক্রি শুরু করতে চায় মোহন বাগান।
সের্গিও লোবেরা হাই-প্রোফাইল কোচ। বার্সেলোনার জুনিয়র দলের কোচিং স্কোয়াডে থাকাকালীন সামনে থেকে দেখেছেন মেসিকে। রোনাল্ডো না মেসি? লোবেরার ভোট আর্জেন্তাইন মেগাস্টারের দিকে। পাশাপাশি গুরু পেপ গুয়ার্দিওলার মতোই প্রেসিং ফুটবলে বিশ্বাসী। পাসিং ফুটবলের বুনোটে যাবতীয় প্রতিরোধ গুঁড়িয়ে দিতে চান। মোহন বাগানে মনের মতো দলই পেয়েছেন তিনি। রবসন, পেত্রাতোস, কামিংস, লিস্টন, মনবীর— সোনায় মোড়া স্কোয়াড ত্রাস ছড়াতে পারে। রিজার্ভ বেঞ্চ যে কোনও প্রতিক্ষেকে বেগ দিতে সক্ষম। প্রথম দল বেছে নেওয়াই কঠিন। লোবেরা বললেন, ‘তারকা সমৃদ্ধ দল সামালানো সত্যিই শক্ত। ড্রেসিং-রুম হাতে রাখতে হয়। তবে আমি চ্যালেঞ্জ নিতে তৈরি।’
হোসে মোলিনার বিরুদ্ধে বড় অভিযোগ, তিনি দলকে ফিট করতে ব্যর্থ। পেত্রাতোস, রবসনরা থপথপ করে হাঁটতেন মাঠে। স্যাকরার ঠুকঠাক, কামারের এক ঘা দেওয়ার মতো সেখানেই আঘাত করেছেন লোবেরা। মেদ ঝরিয়ে রবসন, পেত্রাতোসরা অনেকটাই ফিট। এক্ষেত্রে লোবেরার বিশ্লেষণ, ‘প্রস্তুতিতে আমি খুশি। যতটা সম্ভব দলকে তৈরি করার চেষ্টা চলছে। সমর্থকদের মুখে হাসি ফোটাতে কসুর থাকবে না।’ মোদ্দা কথা, ফিরে তাকানোর জায়গা নেই। ১৩ ম্যাচের আইএসএলে ফরম্যাট বদলাচ্ছে। পান থেকে চুন খসলেই সমস্যা। প্রতিটা ম্যাচই প্রায় ফাইনাল। লোবেরার জবাব, ‘দীর্ঘদিন ভারতীয় ফুটবলে ঘর করছি। এবারের টুর্নামেন্ট অনেকটাই আলাদা। সতর্ক থাকতে হবে।’ তবে খেতাব পেলেও এএফসি কাপে খেলতে পারবে না মোহন বাগান। অপ্রিয় প্রশ্ন ছক্কা হাঁকিয়ে গ্যালারিতে পাঠলেন লোবেরা। বললেন, ‘মোহন বাগানে খেলা, ট্রফি জেতাই এই দলের সবচেয়ে বড় মোটিভেশন।’